জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। ম্যাচ জিততে জিম্বাবুয়ের লক্ষ্য ১৬৮ রান। রবিবার খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে তামিম ইকবাল ও সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ৫ ওভারে ৪০ রান তুলে স্বাগতিকরা।
যদিও ষষ্ঠ ওভারে বেশি তুলে মারতে গিয়ে আউট হন ওপেনার তামিম। তাওরাই মুজারাবানির বলে ব্রায়ান ভিটোরির হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁ হাতি এই ব্যাটসম্যান। করেন ১৭ বলে ২৩ রান। যেখানে ছিল ৩টি চার ও ১টি ছয়।
অপর প্রান্তে থাকা সৌম্য সরকার ঝড় অব্যাহত রাখেন। কিন্তু ৩৩ বলের এই ছোট্ট ঝড় থামে ব্যক্তিগত ৪৩ রানে। ক্রেমারের বলে ওয়ালারকে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। এরপর নেমে বেশিক্ষণ টিকতে পারেনি মাহমুদউল্লাহ। মাত্র ১ রান করেই ওয়েলিংটন মাসাকাদজার বলে উইকেট রক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১০ ওভারে ৭৬ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় টাইগাররা।
এরপরে হাল ধরেন মুশফিক ও সাব্বির। তবে ম্যাচের ১৭তম ওভারে ডান পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন (রিটায়ার্ড হাট) মুশফিক (২৪)। বাকি সময়টুকু জিম্বাবুয়ে বোলারদের শাসন করেন সাব্বির ও সাকিব আল হাসান। সাব্বির ৩০ বলে অপরাজি ৪৩ রান করেছেন। অন্যদিকে ১৭ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন সাকিব। এই দুজনের ব্যাটে ১৬৭ রানের পুঁজি সংগ্রহ করে টাইগাররা।
/এফআইআর/এমআর/