বাংলাদেশের জার্সিতে তিনটি টেস্ট খেলেছিলেন সাজেদুল ইসলাম। এর পর তার আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি লম্বা হয়নি। এবার আম্পায়ার হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করলেন। দ্বিতীয় টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিংয়ে অভিষেক হয়েছে সাবেক এই পেসারের। শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় টুর্নামেন্টে সিলেট ও বরিশালের মধ্যকার ম্যাচ দিয়েই আম্পায়ারিং জগতে পা রাখলেন সাজেদুল।
এক সংবাদ বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এনামুল হক মণির পর সাজেদুল দ্বিতীয় বাংলাদেশি টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিং শুরু করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সাজেদুলের পথ চলা ২০১৩ সালেই থেমে যায়। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। সবমিলিয়ে তিন টেস্টে সাজেদুলের শিকার তিন উইকেট। এছাড়া একমাত্র টি-টোয়েন্টিটি খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালে। ১ ওভার বোলিং করলেও ১৫ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন।
জাতীয় দলে খুব বেশি খেলার সুযোগ না হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ তিনি। সর্বশেষ গত মার্চে জাতীয় লিগেও খেলেছিলেন। ৯৯টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট ২৪১টি। এছাড়া ৫৫টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে শিকার করেছেন ৬৭টি উইকেট। এর বাইরে ৭টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেট নিয়েছেন।