হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে জিম্বাবুয়ে সিরিজে দল থেকে ছিটকে পড়লেন মুশফিকুর রহিম। তার বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, 'জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পড়ে মুশফিকের। স্ক্যান করতে তাকে আগামীকাল সোমবারই ঢাকায় যেতে হচ্ছে। এ ধরনের ইনজুরি থেকে সেরে ওঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। তবে মুশিফিকের ঠিক কতদিন লাগবে তা স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরই জানা যাবে।'
মুশফিকের ইনজুরি নিয়ে ম্যাচ পরবতী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘মুশফিক আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তার ইনজুরিটা অবশ্যই দলে প্রভাব ফেলবে। এখনও আসলে পরিষ্কার না। স্ক্যান করানোর পর পুরোপুরি বলা যাবে। তারপরও মনে হচ্ছে খুব বড় কোনও সমস্যা হবে না। খুব দ্রুতই সে ফিরে আসতে পারবে।’
ম্যাচে মুস্তাফিজ ইনিংসের শেষ ওভারের শেষ বলটি করতে পারেননি। শেষ বলটি করেছেন সাব্বির রহমান রুম্মন। এ বিষয়ে মাশরাফি বলেন, 'এটা মুস্তাফিজের আগের সমস্যা, ওর ঘাড়ে ব্যাথা। আশি করি এটা সিরিয়াস কিছু না। এক বল বাকি ছিল বলে রিস্ক নেইনি।’
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির ১৭তম ওভারে দুই রান নিতে গিয়েই ডান পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মুশফিক। বিসিবি জানিয়েছে, সিরিজের বাকি ম্যাচ থেকে ছিটকে পড়ায় মুশফিকের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার তাসকিন আহমেদ।
ফলে বাংলাদেশের সংশোধিত ১৪ সদস্যের একাদশ হলো : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুক্তার আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ ও আরাফাত সানি।
/আরআই/এমআর/