হৃদয়ের লড়াকু ইনিংস বৃথা গেলো, জিতলো মুমিনুলরাই

জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে পেরে উঠছেন না তরুণ ক্রিকেটাররা। প্রথম দুই ম্যাচে মুশফিকুর রহিম-রুবেল হোসেন যোগ হওয়াতে ‘এ’ দলের শক্তি আরও বেড়েছিল। আজ (শনিবার) তৃতীয় ম্যাচে তারা কেউই খেলেননি, তারপরও মুমিনুল-ইমরুল-শান্তদের নিয়ে গড়া ‘এ’ দলের বিপক্ষে হার এড়াতে পারেনি তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)।

তৃতীয় ওয়ানডেতে এইচপি হেরেছে ৪ রানে। দল হারলেও যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য তৌহিদ হৃদয় দারুণ এক ইনিংসের দেখা পেয়েছেন। খেলেছেন অপরাজিত ৯৩ রানের ইনিংস।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়। কার্টেল ওভারে নির্ধারিত ৪৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২২ রান তোলে মুমিনুলরা। ৬৭ রানে ওপেনিং জুটি ভাঙলে অধিনায়ক মুমিনুল ২৭ রানে ফেরেন। সর্বোচ্চ ৪৭ রান আসে ওপেনার সাদমান ইসলামের ব্যাট থেকে। ইমরুল কায়েস খেলেন ৩৭ রানের ইনিংস।

এইচপির স্পিনার হাসান মুরাদ নেন ৪ উইকেট। ৯ ওভারে খরচ করেন মাত্র ৩০ রান। রেজাউর নেন ২ উইকেট।

ফের বৃষ্টির কারণে ৩৩ ওভারে ১৯৪ রানের নতুন লক্ষ্য পায় আকবর আলীর এইচপি। শেষ পর্যন্ত তারা করতে পারে ১৮৯ রান। তবে এই পর্যন্ত যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা হৃদয়ের। অষ্টম উইকেট জুটিতে হৃদয় ও রেজাউর রহমান ১০১ রান যোগ করে দলকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বল না থাকায় ৩৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৯ রানে থেমে যায় এইচপি।

সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলেন হৃদয়। ৭৯ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় সাজান তার ঝড়ো ইনিংসটি। রেজার ব্যাট থেকে আসে ৩৩ রান।

‘এ’ দলের স্পিনার মোসাদ্দেক হোসেন ও রাকিবুল হাসান ৩টি করে উইকেট নেন। খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম নেন একটি করে উইকেট।