বেশি বেতনভুক্ত কর্মকর্তাদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি রমিজ রাজার

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) বড় কর্মকর্তাদের অস্বস্তিতে ফেলে দিয়েছেন রমিজ রাজা। দায়িত্ব নেওয়ার পর প্রচ্ছন্ন হলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষ করে যারা বেশি বেতনভুক্ত, পদের যোগ্যতা প্রমাণে তাদের কাজ করতে বলেছেন পিসিবির নতুন চেয়ারম্যান।

সম্প্রতি বোর্ডের পরিচালক, কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণির কর্মীদের নিয়ে এক বৈঠকে বসেন রমিজ। সেখানে বোর্ডের অপ্রয়োজনীয় ব্যয় কমানো ও সাশ্রয়ী হতে জোর দিয়ে বলেছেন, ‘বোর্ডের খরচ কমাতে হবে। দরকার হলে দুই কাপ চায়ের বদলে এক কাপ চা পান করতে হবে। এয়ার কন্ডিশন কম ব্যবহার করতে হবে। যখন অফিস থেকে বের হবেন, বাতি নিভিয়ে বের হবেন।’

বোর্ডের পুনর্গঠন নিয়ে বলতে গিয়ে সাবেক পাক অধিনায়ক আরও বলেছেন, ‘আমাদের দল যদি নম্বর এক হতে না পারে। তাহলে আমাদের সবার এখানে থাকার প্রয়োজনটা কী? আমরা এখানে কেন আছি, সেটি প্রমাণে কাজ করতে হবে।’