ইমরুল-মোসাদ্দেকের ব্যাটে এলো জয়

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে হারের বৃত্তেই আটকে আকবর আলী-তানজিদ তামিমদের নিয়ে গড়া হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। চার দিনের দুই ম্যাচের পর একদিনের চার ম্যাচের সবক’টি জিতেছে ‘এ’ দল। আজ (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০ ওভার ম্যাচের শেষটি ৫ উইকেটে জিতেছে মুমিনুল হকরা।

আগে ব্যাট করা এইচপি ১৯২ রানে গুটিয়ে যায়। জবাবে মোসাদ্দেক হোসেন ও ইমরুল কায়েসের ব্যাটে ১৭ ওভার হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ‘এ’ দল।

এইচপির দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো না হলেও পঞ্চম উইকেটে মোসাদ্দেক ও ইমরুল মিলে ৫১ রানের জুটি গড়েন। ওই জুটিতেই মূলত জয়ের পথ তৈরি হয়ে যায়। ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ রান এসেছে মোসাদ্দেকের ব্যাট থেকে। ৪৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় মোসাদ্দেক খেলেন ৬৪ রানের ইনিংস। ইমরুল ১ রানের জন্য হাফসেঞ্চুরি পাননি। ৫৪ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৯ রান।

‘এ’ দল সহজে জিতলেও টপ অর্ডার ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। নাজমুল হোসেন শান্ত ২২, সাদমান ইসলাম ৫ ও ইরফান শুক্কুর ২১ রান করেন। ভালো করতে পারেননি পাঁচে নামা মুমিনুলও। ১১ রানে শেষ হয় তার ইনিংস।

এইচপি পেসার তানজিম সাকিব ২ উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন সুমন খান, মুকিদুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা এইচপি চাপে পড়ে। রান পেয়েছেন কেবল পারভেজ হোসেন ইমন। ৬১ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন যুব বিশ্বকাপজয়ী এই ব্যাটসম্যান। শাহাদাত হোসেনের ৩৪ রান ছাড়া আর কারও ব্যাটে উল্লেখযোগ্য রানের দেখা মেলেনি। আগের ম্যাচে ৯৩ রানের ইনিংস খেলা হৃদয়ের ব্যাট থেকে আসে ২৪ রান।

‘এ’ দলের নাঈম হাসান ও তাইজুল ইসলাম নেন ৩টি করে উইকেট। আর ২ উইকেট পেয়েছেন রাকিবুল।