বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনকে ঘিরে স্টেডিয়াম পাড়ায় চলছে উৎসব। সকাল দশটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ কার্যক্রম। ১৭১ ভোটের মধ্যে অধিকাংশ ভোটই পড়ে গেছে। বেলা তিনটার দিকে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান ভোট দিয়েছেন।
বুধবার দুপুর ১২টায় সদ্য সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের আসার কথা থাকলেও দুই ঘণ্টা পর আসেন তিনি। বিসিবিতে প্রবেশ করেন বুধবার দুপুর ২টায়। আগে থেকেই উপস্থিত ছিলেন সমর্থকরা। পাপনকে ঘিরে তারা নানা রকম স্লোগান দিতে থাকেন। পরে মিছিল নিয়েই ঢুকেন বিসিবিতে।
নির্বাচনে মোট ভোটার ১৭১ জন, কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ১২৭ জন। বিভিন্ন জেলা ও বিভাগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়াতে ওখানকার কাউন্সিলরদের ভোট নেওয়া হচ্ছে না। ১২৭ কাউন্সিলরের মধ্যে ৭০ জন সশরীরে এসে ভোট দিচ্ছেন। বাকিরা ই-ভোট ও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের দুটি পদ ছাড়া ২৩ পদের জন্য ৩২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শেষমেষ একজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়াতে প্রার্থীদের সংখ্যা এখন ৩১। বিসিবির পরিচালনা পর্ষদে থাকবেন ২৫ পরিচালক। ২৩ পরিচালক আসবেন তিনটি ক্যাটাগরি থেকে। আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আবারও বোর্ডের পরিচালক হচ্ছেন।
বাকি ২৩ পরিচালকের মধ্যে ৭জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তারা সবাই ক্যাটাগরি-১ জেলা ও বিভাগের। নির্বাচনের আগের মুহুর্তে ঢাকার দুই প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার ওই বিভাগেও নির্বাচন হচ্ছে না। যদিও ব্যালটে প্রত্যাহার করা দুইজনের নাম থাকছে। জেলা ক্যাটাগরিতে কেবলমাত্র নির্বাচন হচ্ছে রাজশাহী বিভাগে। এই বিভাগে একটি পদের জন্য লড়ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। প্রথমবার তিনি পরিচালক পদে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম স্বপন চৌধুরী, যিনি গত মেয়াদে পরিচালক ছিলেন।
সবচেয়ে বেশি ১২ পরিচালক নির্বাচিত হবেন ক্লাব ক্যাটাগরি থেকে। এবার ১২ পদের জন্য লড়বেন ১৬ প্রার্থী। ১৭ প্রার্থী মনোনয়নপত্র কিনে জমা দিলেও শেষ দিনে শওকত আজিজ রাসেল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরপর নির্বাচনের আগের রাতে মাসুদুজ্জামান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যদিও নির্বাচনি ব্যালটে তার নাম থাকবে। ফলে ১৫ জন থেকে কাউন্সিলররা বেছে নেবেন ১২ জনকে।
এছাড়া তিন নম্বর ক্যাটাগরিতেও একটি পদের জন্য লড়ছেন দু’জন। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের সাবেক ন্যাশনাল ম্যানেজার ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের মধ্য থেকে একজন নির্বাচিত হবেন।
সকাল দশটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। বুধবার রাতে ভোট গণনা শেষে রাতেই প্রাথমিক ফল জানিয়ে দেওয়া হবে। পরদিন চূড়ান্ত ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।