যুব বিশ্বকাপের ফাইনালে আগ্রাসী মনোভাব দেখিয়ে সবার মন জয় করেছিলেন পেসার শরিফুল ইসলাম। শুধু ভারতের বিপক্ষেই নয়, প্রতিটি দলের বিপক্ষে গতি আর বাউন্স দিয়ে নিজের আগমনী বার্তার জানান দিচ্ছিলেন।
দেখতে দেখতে এই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হয়েছে তার। এখন তো দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। প্রথমবারের মতো বড়দের বিশ্বকাপে যাওয়ার আগে বাংলা ট্রিবিউনের সঙ্গে কুড়ি ওভারের টুর্নামেন্ট ঘিরে নিজের ভাবনা জানিয়ে গেছেন এই তরুণ।
বাংলা ট্রিবিউন: প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে। কতটা রোমাঞ্চিত?
শরিফুল: সত্যি কথা বলতে, প্রতিটি ক্রিকেটারেরই এমন স্বপ্ন থাকে। আমি প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলার সুযোগ পাচ্ছি। এটা আমার জন্য দারুণ একটি ব্যাপার। বলতে পারেন রোমাঞ্চিত। নতুন জায়গায়, নতুন কন্ডিশনে জানি না কেমন হবে। অবশ্যই নির্বাচকরা আমার ওপর আস্থা রেখেছেন, আমি সেই আস্থার প্রতিদান দিতে চাই।
বাংলা ট্রিবিউন: দুই বছর আগে যুব বিশ্বকাপ খেলেছেন, এখন বড়দের বিশ্বকাপ খেলবেন। ভাবতে কেমন লাগে?
শরিফুল: আগেই বলেছি আমার জন্য এটা দারুণ রোমাঞ্চের ব্যাপার। ২ বছরের মাথায় আমি বড়দের বিশ্বকাপ খেলতে যাচ্ছি। আমার কাছে এটা অন্যরকম অনুভূতি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আর বড়দের বিশ্বকাপে আকাশ-পাতাল পার্থক্য। এখানে অনেক বেশি চ্যালেঞ্জ। আশা করি চ্যালেঞ্জগুলো নিতে পারবো।
বাংলা ট্রিবিউন: আইপিএলে খেলেছেন মোস্তাফিজ, তার সঙ্গে কন্ডিশন নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে?
শরিফুল: হুম। সব সময়ই হয়েছে। মোস্তাফিজ ভাইয়ের কাছ থেকে উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেছি। উনি (মোস্তাফিজ) জানানোর চেষ্টা করেছেন কীভাবে আরব আমিরাতে ভালো করা সম্ভব।
শরিফুল: মোস্তাফিজ ভাইয়ের অনুশীলনে শেখার চেষ্টা করেছি। এখনও অনুশীলন করছি। বিশ্বকাপে হয়তো প্রয়োগ করবো। ডানহাতির জন্য যেহেতু কাটার দারুণ ডেলিভারি, তাই আমি শেখার চেষ্টায় আছি। দেখা যাক, ম্যাচে কতটা প্রয়োগ করতে পারি।
বাংলা ট্রিবিউন: মিরপুরের স্লো উইকেট থেকে মরুর বুকে হুট করে স্পোর্টিং উইকেট। বোলিং করতে অসুবিধা হবে না?
শরিফুল: অসুবিধা হওয়ার কথা নয়। পেশাদার ক্রিকেটার হিসেবে সব কন্ডিশনে বোলিং করার স্কিল আমাদের তৈরি করতে হবে। ওমান কিংবা আরব আমিরাতে যদি ভিন্ন কন্ডিশন হয়, তাহলে কন্ডিশন অনুযায়ী বল করার চেষ্টা করবো। বিশ্বকাপ যেহেতু আইসিসির ইভেন্ট, আশা করি ওখানে স্পোর্টিং উইকেট হবে। পেসারদের জন্য উইকেটে কিছু না কিছু সুবিধা থাকবেই।
বাংলা ট্রিবিউন: টি-টোয়েন্টি বিশ্বকাপে শরিফুলের লক্ষ্য কী?
শরিফুল: উইকেট পাবো কি পাবো না, এমন কিছু মাথায় নেই। ম্যাচ খেললে চেষ্টা থাকবে ব্যাটারদের আটকে রাখা। আমার ইকোনমি যেন ভালো থাকে, সেই চেষ্টাই আমি করবো। অনেক বড় বড় ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করতে হবে। চেষ্টা থাকবে তাদের আটকে রাখার।
বাংলা ট্রিবিউন: বিশেষ কোন ব্যাটসম্যানকে লক্ষ্য বানাতে চান?
শরিফুল: এভাবে চিন্তা করা কঠিন। আগেই বলেছি, অনেক বড় বড় ব্যাটসম্যানের বিপক্ষে আমাকে বোলিং করতে হবে। তো ভালো বোলিং না করলেও উইকেট নেওয়া কঠিন হবে। ওভাবে ভাবিনি, তবে আমার ড্রিম উইকেট বিরাট কোহলি। ভারতের বিপক্ষে সুযোগ পেলে তার উইকেটটি নিতে চাই।