কোনও কিছুই ঠিকঠাক হচ্ছে না লিটন দাসের। শারীরিক ভাষা থেকে শুরু করে ফিল্ডিং, ব্যাটিং- সবকিছুই যেন হারিয়ে বসেছেন! অথচ প্রতিশ্রুতিশীল, সামর্থ্যবান ক্রিকেটার বলে দলের ‘অটোমেটিক চয়েজ’ হয়ে আছেন দীর্ঘদিন। নির্বাচক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট আস্থা রাখলেও প্রতিদান দিতে পারছেন সামান্যই। এত আলোচনা-সমালোচনার পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফর্মহীন লিটনকে একাদশে রেখেছে টিম ম্যানেজমেন্ট।
গত এক বছরে এক ডজনের বেশি ম্যাচে লিটনের একই হাল। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া এই ব্যাটারকে নিয়ে তাই সমালোচনার শেষ নেই। তবে তাতে কান নেই টিম ম্যানেজমেন্টের। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ব্যর্থতার পর ধারণা করা হচ্ছিল, ক্যারিবীয়দের বিপক্ষে বিশ্রামে পাঠানো হতে পারে লিটনকে। কিন্তু তার কিছুই হয়নি, উল্টো লিটনকে একাদশে রেখেই ফিরিয়ে আনা হয়েছে সৌম্য সরকারকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও তার ব্যাটে ছিল ফর্মহীনতা। মিরপুরের বাজে উইকেটের দোহাই দিয়ে তার অফফর্ম সেভাবে কেউ পাত্তা দেননি। আশা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং সহায়ক উইকেট পেলেই জ্বলে উঠবেন ডানহাতি ওপেনার। কিন্তু সেই আশায় গুড়েবালি। লিটন তার আগের ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন!
চলতি বছর লিটনের পারফরম্যান্স দেখলে যে কেউই হতাশায় মুখ লুকাবে। ১৫ টি-টোয়েন্টিতে ১০১.৪৪ স্ট্রাইকরেটে রান মাত্র ১৪০! সর্বোচ্চ ৩৩। গড় ১০.৭৬! এমন পারফরম্যান্সের পরও কী করে একজন ওপেনার বারবার সুযোগ পাচ্ছেন, সেটি নিয়ে বিস্ময়ের শেষ নেই। তারপরও ‘প্রতিভাবান’ খেতাব দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও একবার সুযোগ মিলেছে।
গত মার্চে নিউজিল্যান্ড সফর থেকে খারাপ সময় শুরু লিটনের। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ঘরের মাঠে কিউদের বিপক্ষে ব্যাট হাতে বিবর্ণ থেকে বিশ্বকাপে গিয়েও নিজের ছায়ায় আটকে আছেন। পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে জেতার পথে থাকা ম্যাচে ছেড়েছেন সহজ দুটি ক্যাচ। এই অবস্থায় লিটনের বিশ্রাম খুব প্রয়োজন। ক্রিকেট বিশ্লেষকরা সেটি বুঝলেও টিম ম্যানেজমেন্ট বুঝছে কই!
ডানহাতি ব্যাটারের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন যেমন পাকিস্তানের গ্রেট ওয়াসিম আকরাম। লিটন এখনও কেন বাংলাদেশ দলে, তা মাথায় ঢুকছে না এই কিংবদন্তি পেসারের। এক স্পোর্টস টিভির অনুষ্ঠানে আকরাম, ওয়াকার ইউনুস, মিসবাহ-উল-হক ও ওয়াহাব রিয়াজ যোগ দিয়েছিলেন। সেখানে তারা বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ বিশ্লেষণ করেন। একপর্যায়ে লিটনের দলে থাকা নিয়ে প্রশ্ন তোলেন আকরাম, ‘প্রথম রাউন্ডের শুরু থেকেই মনে হচ্ছে লিটন দাস ঘুমিয়ে আছে। সে ওই পর্বে রান পায়নি, ভালো ফিল্ডিং করছে না। আমি নিশ্চিত নই, সে কেন এখনও দলে আছে।’