বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ যাত্রা করলেও খালি হাতেই বাড়ি ফিরছে বাংলাদেশ দল। তবে শুক্রবার পুরো দল একসঙ্গে ফিরছে না। তিনভাগে ভাগ হয়ে ঢাকায় পা রাখবে মাহমুদউল্লাহরা।
বাংলাদেশ সময় বেলা ১২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে দুবাই ত্যাগ করবে একাংশ। এরপর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার একই ফ্লাইটে আরেক অংশ ঢাকায় ফিরবে। তবে এই দুই গ্রুপের কোনওটিতেই ফিরছেন না চার ক্রিকেটার। তারা হচ্ছেন- অধিনায়ক মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ।
এছাড়া রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফের সদস্যরা ছুটি কাটাবেন। পাকিস্তান সফরের আগে তারা দেশে ফিরবেন। আগামী ১১ নভেম্বর তাদের দেশে ফেরার কথা।
ইনজুরির কারণে আগেই সাইফউদ্দিন দেশে ফিরেছেন। অন্যদিকে সাকিব চলে গেছেন যুক্তরাষ্ট্রে, ফিরবেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে। আগামী ১৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। তার আগে ১২ নভেম্বর থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা।
প্রসঙ্গত, ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছিল। প্রাথমিক রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে কোনওরকমে নিশ্চিত করে সুপার টুয়েলভ। সেখানে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সুযোগ তৈরি করেও হার দেখতে হয়েছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো পাত্তাই পায়নি। মূল পর্বে ৫ ম্যাচের সবক’টিতে হেরে শূন্যহাতে শুক্রবার বাড়ি ফিরছে বাংলাদেশ দল।