সেমিফাইনালে ওঠার সমীকরণে অস্ট্রেলিয়ার জেতা প্রয়োজন ছিল। ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখলো অ্যারন ফিঞ্চরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চার তাদের নিশ্চিত হয়নি, বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে তাদের বিশ্বকাপে টিকে থাকা। তার আগে ক্যারিবিয়ানদের ৮ উইকেটে হারিয়ে নেট রানরেট বাড়িয়ে রেখেছে অস্ট্রেলিয়া।
আজ (শনিবার) আবুধাবিতে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। আগেই বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া ক্যারিবিয়ানরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করে ১৫৭ রান। কঠিন লক্ষ্যে খেলতে নেমে জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি অজিদের। ডেভিড ওয়ার্নারের অপরাজিত ৮৯ রানে মাত্র ২ উইকেট হারিয়ে ২২ বল আগেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
গ্রুপ-১-এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ৮। শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্টও ৮। এই ইংলিশদের বিপক্ষে শেষ ম্যাচে নামা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৬। ইয়োন মরগানদের বিপক্ষে প্রোটিয়ারা জিতলে তাদেরও পয়েন্ট হবে ৮। তখন নেট রানরেটে এগিয়ে থাকা দুই দল চলে যাবে সেমিফাইনালে। আর দক্ষিণ আফ্রিকা যদি হেরে যায়, তাহলে সমীকরণ একেবারে সহজ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড ও রানার্স-আপ হয়ে শেষ চারের টিকিট কাটবে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে নেট রানরেটের হিসাবটা ছিল এমন- ইংল্যান্ড +৩.১৮৩, অস্ট্রেলিয়া +১.২১৬ ও দক্ষিণ আফ্রিকা +০.৭৪২।
ডোয়াইন ব্রাভো অবসরের ঘোষণা দিয়েছেন। ক্রিস গেইল আনুষ্ঠানিকভাবে না জানালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনিও খেলে ফেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ। টি-টোয়েন্টি ক্রিকেটের দুই মহারথীর বিদায়টা হলো হার দিয়ে। গেইল ২ ছক্কায় ৯ বলে করেছেন ১৫ রান। অন্যদিকে ব্রাভো তার ক্যারিয়ার শেষ করলেন ৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য থেকে।
টস হেরে ব্যাটিংয়ে নামা ক্যারিবিয়ানদের সর্বোচ্চ সংগ্রাহক কাইরন পোলার্ড। ৩১ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলেন ক্যারিবীয় অধিনায়ক। এভিন লুইস ২৬ বলে ২৯, শিমরন হেটমায়ার ২৮ বলে ২৭, আন্দ্রে রাসেল ৭ বলে ১৮* ও ব্রাভো ১২ বলে ১০ রান করলে ১৫৭ রান স্কোরে জমা করে ওয়স্ট ইন্ডিজ।
অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার জশ হ্যাজেলউড। এই পেসার ৩৯ রানে নেন ৪ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।
১৫৮ রানের লক্ষ্যটা খুব সহজেই পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ও মিচেল মার্শের ঝড়ো হাফসেঞ্চুরিতে পেয়েছে দুর্দান্ত জয়। ওয়ার্নার ৫৬ বলে ৯ বাউন্ডারি ও ৪ ছক্কায় অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেছেন। আর মার্শ ৩২ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ঝড়ো ৫৩ রানের ইনিংস।
অস্ট্রেলিয়ার হারানো ২ উইকেট ভাগ করে নিয়েছেন আকিল হোসেইন ও গেইল।