শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নাম লিখিয়েছিলেন ১০ বাংলাদেশি। মঙ্গলবার এলপিএল দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। সেখান থেকে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দুই ফ্র্যাঞ্চাইজি। মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু ও মেহেদী হাসান রানাকে দলভুক্ত করেছে ক্যান্ডি ওয়ারিয়র্স। কলম্বো স্টার্স নিয়েছে দুই পেসার আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদকে।
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে ১০ জনের তালিকায় ছিলেন মেহেদী হাসান রানা, সোহাগ গাজী, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহম্মদ মিঠুন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, নাজমুল ইসলাম অপু ও ইবাদত হোসেন। এদের মধ্য থেকে ৫ জনকে বেছে নিয়েছে দুটি দল। নাম লেখাননি তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
লঙ্কান প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর হওয়ার কথা ছিল জুলাই-আগস্টে। কিন্তু বিদেশি খেলোয়াড়রা দ্য হান্ড্রেড ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকায় সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৫ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত হবে পাঁচ দলের এই প্রতিযোগিতা। ডাক পাওয়াদের মধ্যে জাতীয় দলের ক্রিকেটার তাসকিনকে পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণই। কারণ এই সময়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ডিসেম্বরের শেষ সপ্তাহে যাবে নিউজিল্যান্ড। তবে বাকিরা চাইলেই অনাপত্তিপত্র পেতে পারেন।
কলম্বো ও হাম্বানটোটায় টুর্নামেন্টের ম্যাচগুলো হবে। টি-টোয়েন্টির বড় তারকারা এবারও অংশগ্রহণ করছেন। মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ আমির খেলবেন গল গ্ল্যাডিয়েটরসের হয়ে। তাসকিনদের কলম্বো স্টার্সে আছেন ক্রিস গেইল, মোহাম্মদ ইরফান। ডাম্বুলা জায়ান্টসে রাইলি রুশো, ইমরান তাহিররা খেলবেন। এছাড়া জাফনা কিংসের হয়ে নামবেন ফাফ দু প্লেসি, শোয়েব মালিকরা।