শনিবার বাবর-শোয়েবকে ছাড়াই ঢাকা আসছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যেতে না পারায় শনিবার সকালেই ঢাকা আসছে পাকিস্তান। তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে পাকিস্তান দল ঢাকায় পা রাখবে সকাল ৮টা ১০ মিনিটে। দুবাই থেকে শুক্রবার রাতেই রওনা দেবে তারা। তবে জিও নিউজ জানিয়েছে, অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক ১৬ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন।  

মূলত ফাইনাল খেলার আশায় পুরো দলের দুবাই ছাড়ার কথা ছিল ১৬ নভেম্বর। কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে বিদায় নিশ্চিত হওয়ায় সফরকারীরা আগেভাগেই ঢাকায় আসছে। আগের সূচিতে ঢাকা আসবেন শুধু অধিনায়ক বাবর ও শোয়েব।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে। শুধু মোহাম্মদ হাফিজ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি দলটাই এই সফরে আসছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচের সময়ও জানিয়ে দিয়েছে। ১৯, ২০ ও ২২ নভেম্বর তিনটি টি-টোয়েন্টি-ই শুরু হবে দুপুর ২টায়। সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

২৬ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদে প্রথম টেস্ট শুরু হবে সকাল ১০টায়। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্টও শুরু হবে একই সময়ে। তবে সিরিজের এই শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলায়।