আগামী বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। এই আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের শিরোপা ধরে রাখার প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। যখন মাঠের লড়াইয়ে ফিরেছে, দুই সিরিজে হেরেছে সাত ম্যাচ, জিতেছে মাত্র তিনটি। এই অবস্থায় গত দেড় বছর ধরে খেলা দলটির সঙ্গে যুক্ত করা হয়েছে বিশ্বকাপজয়ী রাকিবুল হাসান ও তানজিম হাসান সাকিবকে। বয়সভিত্তিক দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানালেন, এই দুজন আগে থেকেই ছিলেন তাদের পরিকল্পনায়।
বর্তমান দলটিতে আগে থেকেই ছিলেন ২০২০ যুব বিশ্বকাপে শিরোপা জেতা দলের সদস্য প্রান্তিক নওরোজ নাবিল। গত বিশ্বকাপে কোনও ম্যাচ না খেললেও বর্তমান দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। এবার তার সঙ্গে যুক্ত করা হয়েছে আরও দুই চ্যাম্পিয়ন ক্রিকেটার- বাঁহাতি স্পিনার রাকিবুল ও পেসার সাকিবকে। মূলত দুই ক্রিকেটারের বয়সসীমা থাকা ও দলের শক্তিমত্তা বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
কেন এই অন্তর্ভুক্তি, এ ব্যাপারে বয়সভিত্তিক দলের নির্বাচক সাজ্জাদ জানালেন, তরুণ দুই ক্রিকেটার বর্তমান দলের ক্যাম্পে না থাকলেও টিম ম্যানেজমেন্টের ভাবনাতে শুরু থেকেই ছিলেন। সাজ্জাদ বলেছেন, ‘আমরা দুই ক্রিকেটারকে ডেকেছি। সামনের ভারত সফরে তারা আমাদের সঙ্গে যুক্ত হবেন। তবে হুট করেই কিন্তু আমরা তাদের ডাকিনি। তাদের নিয়ে আমাদের পরিকল্পনা আগে থেকেই ছিল, আমরাও জানতাম তাদের বয়স রয়েছে। যেহেতু তারা বড়দের ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়ে গেছে, সেই কারণে আমরা আগে ওদেরকে ডাকিনি। এখন যেহেতু জাতীয় লিগ ছাড়া ওদের কোনও খেলা নেই, তাই ডাকা হয়েছে।’
করোনার কারণে বাংলাদেশ দল নিজেদের সেরা প্রস্তুতি নিতে পারেনি। প্রস্তুতির ঘাটতি, চ্যাম্পিয়নশিপের চাপ-সব মিলিয়ে দলের অবস্থা কোন পর্যায়ে এমন প্রশ্নে এই নির্বাচক বলেছেন, ‘গতবার চ্যাম্পিয়ন হয়েছি বলে এবার চ্যাম্পিয়ন হতে হবে, এমন কোনও কথা নেই। এখানে চাপ নেওয়ার কোনও কারণ আমি দেখি না। আমরা কাউকে চাপ দিচ্ছিও না, নিচ্ছিও না। এটা অনূর্ধ্ব-১৯ দল, এখানে চ্যাম্পিয়ন হওয়াটা গুরুত্বপূর্ণ নয়। এখানে কত ক্রিকেটার আমরা বের করতে পারলাম, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।’
বিশ্বকাপের আগে ভারতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ যুব দল। বাংলাদেশ ছাড়া ভারতের দুটি যুব দল খেলবে এই সিরিজে। আগামী ২৩ নভেম্বর এই সিরিজের উদ্দেশে ভারতে যাবে যুবারা। এই সফরে দুই দলের সঙ্গে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে, আর ফাইনাল খেললে ম্যাচের সংখ্যা আরেকটি বাড়বে।
এ প্রসঙ্গে সাজ্জাদ বলেছেন, ‘ভারতের দুটো অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আমাদের ত্রিদেশীয় সিরিজ। শুরুতে কথা ছিল ভারত, বাংলাদেশ ও ইংল্যান্ড অংশ নেবে। তবে ইংল্যান্ড আসছে না বলে দেওয়ায় ভারতের দুটি অনূর্ধ্ব-১৯ দল খেলবে। রাউন্ড রবিন পর্বে একে অন্যের দুইবার মুখোমুখি হবে।’