শান্তকে বোল্ড করলেন দাহানি

টস জিতে ব্যাটিংয়ে নামলেও হতশ্রী ব্যাটিংয়ের বৃত্ত থেকে বাংলাদেশ বের হতে পারেনি। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দ্বিতীয় ওভারেই উইকেট হারিযেছে স্বাগতিকরা। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ ওভারে ১ উইকেটে ১৪ রান। ক্রিজে আছেন শামীম হোসেন (৫) ও নাঈম শেখ (৩)।  

সিরিজ জিতে নেওয়ায় এই ম্যাচে পরীক্ষার-নিরীক্ষার পথে হেঁটেছে পাকিস্তান। পেসার  শাহনেওয়াজ দাহানির অভিষেক হয়েছে। দ্বিতীয় ওভারে বল করতে এসে শুরুতে চার খেলেও নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন তৃতীয় বলে। দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করেন নাজমুল হোসেন শান্তকে। গত ম্যাচে ৪০ রান করা ব্যাটার এই ম্যাচে ফিরলেন ৫ রানে।

ডেড রাবার হওয়ায় শেষ ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। মোস্তাফিজের বদলে সুযোগ পেয়েছেন পেসার শহীদুল ইসলাম। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে ডানহাতি এই পেসারের। এছাড়া ওপেনার সাইফ হাসানের বদলে এসেছেন শামীম হোসেন। অন্যদিকে পেসার শরিফুলের বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

অন্যদিকে পাকিস্তান পরিবর্তন এনেছে চারটি। অনুমিত ভাবেই নেই শোয়েব মালিক। ছেলের অসুস্থতার কারণে দুবাই চলে যাচ্ছেন। শাহনেওয়াজ দাহানিরর সঙ্গে ফিরেছেন সরফরাজ আহমেদ, ইফতেখার আহমেদ ও ওসমান কাদির।