তাসকিনের আঙুলে সেলাই, খেলা হচ্ছে না প্রথম টেস্ট

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইনজুরিতে পড়েছেন পেসার তাসকিন আহমেদ। আজ (সোমবার) শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের ইনিংসের ষষ্ঠ ওভারে তার ডান হাতের আঙুলে বল লাগে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডাক্তার মনজুর হোসাইন চৌধুরী জানিয়েছিলেন, বুড়ো আঙুল ফেতে গেছে এই পেসার। পরে সংস্থাটির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন সেলাই লেগেছে তাসকিনের। সেলাই খুলতেই লাগবে এক সপ্তাহ। এর মানে পাকিস্তনের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে তার।

দেবাশীষ বলেছেন, ‘তাসকিন তো এভার কেয়ারে গিয়েছে সার্জনের কাছে। সেলাই তো লেগেছে, সেলাই করেছে। আবার এক সপ্তাহ পরে যেতে বলেছে, তখন সেলাই খুলবে। তারপর বোঝা যাবে কী অবস্থা। সে পর্যন্ত ঢাকাতেই থাকবে।’

তাসকিন আঘাত পাওয়ার পর শুরুতে মাঠ থেকে উঠে গেলেও কিছুক্ষণ পর আবার মাঠে ফেরেন। ফিরে বোলিংও করেছেন তাসকিন। তবে ইনজুরি কতটা গুরুতর, সেটি পর্যবেক্ষণ করতেই হাসপাতালে নেওয়া হয় বাংলাদেশের এই পেসারকে।

তাসকিনের চোট নিয়ে মনজুর বলেছিলেন, ‘তাসকিনের বুড়ো আঙুল ফেটে গেছে। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। চিকিৎসক দেখবেন, সেলাই লাগতে পারে। প্রথম টেস্ট খেলতে পারবে কিনা, এখনই বলা সম্ভব নয়।’

আজ রান তাড়া করতে নামা পাকিস্তানের বিপক্ষে ষষ্ঠ ওভারে বল করতে আসেন তাসকিন। তার করা প্রথম বলে স্ট্রেইট ড্রাইভ করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বলটি ধরার চেষ্টা করতে গিয়ে ডান হাতের আঙুলে লাগে তাসকিনের। ওই ওভারের বাকি ৫ বল করেন শহিদুল ইসলাম।

প্রাথমিক চিকিৎসা শেষে মাঠে ফেরেন তাসকিন। একাদশ ওভারে বলও করেন। এরপর আবারও মাঠ ছেড়েছিলেন। ইনিংসের শেষ দিকে ফিরে ১৮তম ওভার করেন। এরপর ম্যাচ শেষ হতেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের পথে রওনা হন তিনি।

বাংলাদেশ দল ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও তাসকিনের ব্যক্তিগত পারফরম্যান্স দুর্দান্ত। প্রতি ম্যাচেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই পেসার।