বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে দেড়টায়। তার ঘণ্টাখানেক আগেই হাজির মুশফিকুর রহিম। অন্য সব দিনের মতো সবার আগে ব্যাট-গ্লাভস পরে নেমে পড়লেন মাঠের ডানদিকের নেটে, সঙ্গে তিন জন থ্রোয়ার। পাক্কা আধঘণ্টা ব্যাটিং করলেন। বিশ্বকাপের পারফরম্যান্স আর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়ায় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে সাবেক এই অধিনায়কের! সে কারণেই শুক্রবার চট্টগ্রামে শুরু হতে যাওয়া টেস্টের আগে নিজের আত্মবিশ্বাস ফেরানোর মিশনে কঠোর পরিশ্রম করছেন তিনি।
কঠোর পরিশ্রমী হিসেবে তরুণ ক্রিকেটারদের মাঝে পরিচিতি আছে মুশফিকের। দলের ঐচ্ছিক অনুশীলনের দিনগুলোতে অন্যরা ক্রিকেটকে দূরে রাখলেও মুশফিক ছুটে আসেন বারবার। অন্যদিকে মূল অনুশীলনের দিনগুলোতেও কয়েক দফা নেটে ব্যাটিং করা তার জন্য নিয়মিত ব্যাপার। সাগরিকায় স্টেডিয়ামে এদিনও একই রূপে দেখা গেলো তাকে। মূল অনুশীলন শুরুর আগে নেটে ব্যাটিং করেছেন আধঘণ্টা। পরে মূল অনুশীলনে স্পিনার-পেসারদের বিপক্ষেও ব্যাটিং করেছেন।
অবশ্য এদিন তার ট্রেড মার্ক শর্টগুলোতেও ব্যাট চালাতে দেখা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যেই সুইপ, স্লগ সুইপ, রিভার্স সুইপের জন্য সমালোচিত হয়েছেন। বুধবারের অনুশীলনেও দেখা গেলো শটগুলো নিখুঁত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সিরিজের আগেও দেখা গেছে। বাংলাদেশ দল যখন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত, মুশফিক ব্যস্ত তখন একা একা অনুশীলনে। ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে মিরপুরের ইনডোরে অনুশীলন চালিয়ে গেছেন টানা। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ায় দলের সঙ্গে একটি দিনের জন্যও অনুশীলন করেননি। টেস্ট শুরুর আগে অবশ্য দলের সঙ্গেই মিশে গেছেন এই ব্যাটার।
সাম্প্রতিক সময়ে মুশফিকের টি-টোয়োন্টি পারফরম্যান্স খারাপ হলেও টেস্টের অবস্থা অতটা নাজুক নয়। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ দুই টেস্টের দুই ইনিংসে দুটি ৪০ রানের ইনিংস খেলেছেন। তারপরও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোই যে মাঠে ফিরে আসছে। স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর সমালোচনা-পাল্টা সমালোচনায় বিধ্বস্ত ড্রেসিংরুম স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি! পাকিস্তানের বিপক্ষে অনেক পরিবর্তন এনেও সাফল্য পাওয়া যাচ্ছে কই?
তবে পুরনো ব্যর্থতা ঝেরে নতুন ফরম্যাটে ভালো করার মিশনে ভালো করার তাগিদ অনুভব করছেন মুশফিক। এই মিশনে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারও তিনি। মুমিনুল-সাদমান-লিটন-মিরাজ-তাইজুলদের সঙ্গে নিয়ে মুশফিককেই মূল লড়াইটা করতে হবে। এখন ভুলে যেতে হবে বিশ্বকাপ ব্যর্থতা। সব ভুলতে পারলেই আসবে সাফল্য, হাসবে বাংলাদেশ!