আইয়ারের শতরানের পর কিউইদের আধিপত্য

গতকাল পর্যন্ত সিরিজের প্রথম টেস্টের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। শুক্রবার টিম সাউদি এমন এক স্পেল উপহার দিলেন। তাতে কানপুর টেস্টে ভালোভাবে ফিরে এসেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩৪৫ রানে গুটিয়ে দিয়ে কিউইরা দ্বিতীয় দিন শেষ করেছে ১২৯ রানে। তাও আবার কোনও উইকেট না হারিয়ে। এই পরিস্থিতিতে জমজমাট এক টেস্টের সুবাসই পাওয়া যাচ্ছে।

ভারত দ্বিতীয় দিন শুরু করে ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে। স্বাগতিকরা অভিষিক্ত আইয়ারের সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন। সেটি হয়েছেও। কিন্তু বাকিরা হতাশা উপহার দেওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারেনি।

দিনের শুরুতেই সাউদির বলে বোল্ড হয়েছেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। আগের দিনের ৫০ রানের সঙ্গে আর কিছু যোগ করতে পারেননি। অপরপ্রান্ত নড়বড়ে হয়ে গেলে আইয়ার কিছুদূর পর্যন্ত লড়াই করেছেন। ব্যক্তিগত ১০৫ রানে তাকে থামিয়েছেন সেই সাউদি-ই।

টিম সাউদির তোপে শেষ পর্যন্ত ৩৪৫ রানে ‍গুটিয়ে যায় স্বাগতিকরা। পরিস্থিতি হয়তো আরও বাজে হতো যদি না ৮ নম্বরে রবিচন্দ্রন অশ্বিন ৩৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেলতেন। দ্বিতীয় দিন স্বাগতিকরা যোগ করতে পেরেছে ৮৭ রান।

পেসার টিম সাউদি ৬৯ রানে ৫ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন। তিনটি উইকেট নেন কাইল জেমিসন। ব্যয় করেছেন ৯১ রান। ৯০ রানে দুটি উইকেট নেন বামহাতি স্পিনার আজাজ প্যাটেল।

জবাবে দুই ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়াংয়ের কোনও পরীক্ষা নিতে পারেনি স্বাগতিক বোলাররা। প্রায় দুই সেশন ব্যাট করে অশ্বিন-জাদেজাদের স্পিন আক্রমণকে সাধারণ মানের বানিয়ে ফেলেছিলেন। টম ল্যাথাম অপরাজিত আছেন ৫০ রানে, সঙ্গী ইয়াং ব্যাট করছেন ৭৫ রানে। কিউইরা এখনও পিছিয়ে ২১৬ রানে।