ক্রাইস্টচার্চ পৌঁছে কোয়ারেন্টিনে মুমিনুলরা

দুই টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ দল। আজ (শুক্রবার) স্থানীয় সময় সকালে ক্রাইস্টচার্চে পৌঁছেছে মুমিনুল হকরা। পৌঁছেই সাত দিনের কোয়ারেন্টিনে চলে গেছে পুরো দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ করে ওই রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। লম্বা ভ্রমণ শেষে ক্রাইস্টচার্চে পৌঁছে গেছে মুমিনুলরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে এ বছর দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডে গেছে তারা। ফেব্রুয়ারি-মার্চে সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ দল। সেবার তিন ওয়ানডের পাশাপাশি খেলেছিল তিনটি টি-টোয়েন্টি। এবারের সফরে শুধু দুটি টেস্ট।

নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টিন প্রটোকলের কারণেই বাংলাদেশকে আগেভাগে যেতে হয়েছে। গতবার ১৪ দিনের রুম কোয়ারেন্টিন করতে হয়েছিল। এবার থাকতে হবে সাত দিন। এরপর করোনা পরীক্ষার ফল সাপেক্ষে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করার সুযোগ পাবে সফরকারীরা। সাত দিনে তিনটি কোভিড টেস্ট করানো হবে। করোনা নেগেটিভ হলেই মুক্ত হয়ে চলাফেরা করতে পারবেন তারা।

গত ২০ বছরে নিউজিল্যান্ডের মাটিতে ৩২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনও ফরম্যাটে একটি ম্যাচও জিততে পারেনি। বিশ্বকাপ ব্যর্থতার পর দলের অবস্থা এমনিতেই টালমাটাল। তার ওপর পাকিস্তানের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স তো আছেই।

এবারের সফরে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে তামিমকে বিবেচনা করা হয়নি। অন্যদিকে আগেরবারের মতো এবারও নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান।

নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ, ফজলে মাহমুদ রাব্বি।