অ্যাশেজে দিবা-রাত্রির টেস্টে দ্বিতীয় দিনেও আধিপত্য ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ৪৭৩ রানে প্রথম ইনিংস ঘোষণার পর ইংল্যান্ডের দুই ওপেনারকেও তারা সাজঘরে পাঠিয়েছে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেটে ১৭ রান তুলে ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষ করেছে। সফরকারীরা এখনও পিছিয়ে ৪৫৬ রানে।
অ্যাডিলেডে ৯৫ রানে দিনের খেলা শুরু করে অ্যাশেজের প্রথম সেঞ্চুরি তুলে নেন মার্নাস লাবুশেন। তবে বেশি দূর যেতে পারেননি। এদিন ১০৩ রানে তাকে এলবিডাব্লিউতে ফিরিয়েছেন ওলি রবিনসন। প্রথম সেশনে ইংল্যান্ড ৩ উইকেট তুলে নিলেও অস্ট্রেলিয়া প্রতিরোধ গড়তে সক্ষম হয় স্টিভ স্মিথের কারণে।
অজিদের ভারপ্রাপ্ত অধিনায়ক ১৮ রানে দিন শুর করেছিলেন। তার পর অ্যালেক্স ক্যারিকে নিয়ে যোগ করেছেন ৯১ রান। স্মিথ ৯৩ রানে ফিরলে ক্যারিও প্রতিরোধের দেয়াল বড় করতে পারেননি। ৫১ রান করে ফিরে গেছেন উইকেটকিপার ব্যাটসম্যান। লোয়ার অর্ডারে প্রতিরোধ গড়ে ইংলিশদের হতাশা বাড়িয়েছেন মিচেল স্টার্ক-মাইকেল নেসারও। ৫৮ রান যোগ করে এই জুটি। নেসার ৩৫ রানে ফিরলেও ৩৯ রানে অপরাজিত ছিলেন স্টার্ক। ইংল্যান্ডের হয়ে ১১৩ রানে ৩ উইকেট নিয়েছেন বেন স্টোকস। দুটি নেন জেমস অ্যান্ডারসন।
জবাবে শেষ দিকে মাত্র ৮.৪ ওভার ব্যাট করতে পারে ইংল্যান্ড। প্রতিকূল আবহাওয়ায় দিনের খেলা সমাপ্ত করতে হয়েছে আগে-ভাগে। অবশ্য খেলা শেষের আগেই অস্বস্তিতে পড়ে যায় সফরকারী দল। তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। স্টার্কের বলে ৪ রানে ক্যাচ দিয়ে ফিরেছেন রোরি বার্নস। আরেক ওপেনার হাসিব হামিদকেও ৬ রানে স্টার্কের ক্যাচ বানান নাসের। লড়াই করার প্রত্যাশায় ক্রিজে রয়েছেন ডেভিড মালান (১) ও অধিনায়ক জো রুট (৫)।