রুটের বিদায়ের পর হার দেখছে ইংল্যান্ড

ব্রিসবেন ব্যর্থতার পর অ্যাডিলেড টেস্টেও হতাশ করলো ইংল্যান্ডের ব্যাটিং। অ্যাশেজে টানা দ্বিতীয় টেস্টে হার দেখছে জো রুটের দল। দিবারাত্রির টেস্টে ৪৬৮ রানের অসম্ভব লক্ষ্যের সামনে ইংল্যান্ড চতুর্থ দিন শেষ করেছে ৪ উইকেটে ৮২ রানে। জয়ের জন্য আরও প্রয়োজন ৩৮৬ রান। 

নির্ভরতার প্রতীক জো রুট শেষ সেশনের শেষ বলে আউট হওয়াতেই এই টেস্টে জয়ের অপেক্ষায় অস্ট্রেলিয়া। এখন শেষ দিন অজিদের প্রয়োজন আরও ৬ উইকেটের। 

ইংল্যান্ডকে ফলোঅন না করিয়ে চতুর্থ দিনের প্রথম সেশনটা বাজে কেটেছে অস্ট্রেলিয়ার।দ্রুত সাজঘরে ফিরেছেন মাইকেল নেসার, মার্কাস হ্যারিস ও স্টিভেন স্মিথ। তাদের বিদায়ের পরও দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৩০ রানের পুঁজি মিলেছে মার্নাস লাবুশেনের ৫১, ট্রাভিস হেডের ৫১ ও ক্যামেরন গ্রিনের অপরাজিত ৩৩ রানের কল্যাণে। অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৩০ রানে ইনিংস ঘোষণা করে চা বিরতির এক ঘণ্টা আগে। তাতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬৮।  

জবাবে এই টেস্ট বাঁচাতে ইংলিশদের টিকে থাকলেই হতো। কিন্তু শেষ সেশনে দ্রুত ৪ উইকেট পতনে টেস্ট বাঁচানোই অসম্ভব হয়ে পড়েছে। চার রানে আউট হয়েছেন ওপেনার হাসিব হামিদ। ডেভিড মালান প্রতিরোধ গড়লেও ইনিংস লম্বা করতে পারেননি। ব্যক্তিগত ২০ রানে লেগ বিফোরে তার ফেরার পর আরেক ওপেনার রোরি বার্নসও প্রতিরোধ গড়তে ব্যর্থ হন। এই ব্যাটার ৩৪ রানে ক্যাচ দিয়ে ফিরলে পুরো দায়িত্ব গিয়ে পড়ে জো রুটের ওপর। অথচ ইংলিশ অধিনায়ক ইনজুরিতে দিনের শুরুতে মাঠেই নামতে পারেননি। ৬৭ বলে ২৪ রান করে ফেলায় তার ব্যাটে লড়াইয়ের আভাসও মিলছিল। কিন্তু রুট শেষ বলে সাজঘরে ফিরলে এই টেস্টের পুরো নিয়ন্ত্রণে চলে গেছে অজিদের হাতে। ৪০ বল খেলে ৩ রানে ক্রিজে আছেন বেন স্টোকস।