দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজে গ্যালারিতে দর্শক থাকবে না

দক্ষিণ আফ্রিকা সফরে ভারত যাবে কিনা, সংশয় ছিল। যদিও সব শঙ্কা উড়িয়ে বিরাট কোহলিরা গিয়েছে দক্ষিণ আফ্রিকায়। সফরে তিন টেস্টের পর তিনটি ওয়ানডে খেলবে ভারত। তবে দর্শকদের মাঠে বসে ‍দুই দলের লড়াই দেখা হচ্ছে না। আজ (সোমবার) ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে, দর্শকশূন্য গ্যালারিতে হবে ‍দুটো সিরিজই।

করোনাভাইরাসের ওমিক্রন ধরনে নতুন করে আতংকে গোটা বিশ্ব। নতুন এই ধরন প্রথম শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। তাই আফ্রিকার দেশটিতে ভারতের সফর নিয়ে সংশয় জন্মেছিল। কোহলিরা খেলতে গেলেও দর্শকহীন মাঠে খেলা হবে।

২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ভারতের লড়াই। সেঞ্চুরিয়নে শুরু হবে তিন টেস্টের সিরিজ। এই সিরিজ শুরুর আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের ক্রিকেট বোর্ডের যৌথ সিদ্ধান্তে দর্শকহীন মাঠে খেলা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন টেস্টের পর তিন ওয়ানডেও হবে দর্শকশূন্য গ্যালারিতে।

ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন করলেও করোনা শঙ্কায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বাতিল করেছে এ বছরের এমজানসি সুপার লিগ। কুড়ি ওভারের সিরিজটির তৃতীয় সংস্করণ আয়োজন করার কথা ছিল গত বছরের নভেম্বরে। তবে করোনার কারণেই পিছিয়ে দেওয়া হয়েছিল। নতুন করে প্রতিযোগিতাটির সূচি করা হয়েছে ২০২২ সালের ফেব্রুয়ারি।

এর আগে রবিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বাতিল করে দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার ঘরোয়া প্রতিযোগিতার চার দিনের ফ্র্যাঞ্চাইজি সিরিজ।