উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে ওয়াটলিং প্রায় তিন বছর পর ওয়ানডে দলে ফিরেছেন। টিমে আছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রঞ্চি। তবে ইনজুরির কারণে রস টেইলর, টিম সাউদি ও ব্রেন্ডন ম্যাককালামকে পাচ্ছে না নিউজিল্যান্ড।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং চোটে পড়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন টেইলর। এ কারণে পাকিস্তান সিরিজ তো বটেই; ফেব্রুয়ারিতে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলতে পারবেন না তিনি।
এদিকে পায়ের ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষের ওয়ানডে সিরিজের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষের তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না কিউই পেসার টিম সাউদি। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পিঠের ইনজুরি কাটিয়ে ম্যাককালাম ফিরবেন বলে আশাবাদী কিউই শিবির।
আগামী সোমবার পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ওয়েলিংটনের বেসিন রিজার্ভ পার্কে অনুষ্ঠিত হবে। এরপর ২৮ ও ৩১ তারিখে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সূত্র- ক্রিকইনফো।
/এমআর/