দিনের শুরুতেই টেলরকে ফেরালেন এবাদত

আগের দিন শেষ বিকালে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে দিয়েছিলেন এবাদত হোসেন। আজ (বুধবার) মাউন্ট মঙ্গানুই টেস্টের শেষ দিনের শুরুতেও সেই পারফরম্যান্স ধরে রাখলেন ডানহাতি পেসার। দিনের শুরুতেই বোল্ড করে অভিজ্ঞ রস টেলরকে ফিরিয়েছেন তিনি।

টেলরের বিদায়ে কিউইরা হারালো ষষ্ঠ উইকেট। মাউন্ট মঙ্গানুই টেস্টের পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ১৫৪ রান। তাতে লিড পেয়েছে ২৪ রানের। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪৫৮ রান।

স্বপ্নের মতো এক টেস্ট কাটছে বাংলাদেশের। যে নিউজিল্যান্ডে কেবল হতাশার ছবি ফুটে উঠেছে, সেখানে স্বাগতিকদের ওপর প্রভাব বিস্তার করে খেলে যাচ্ছে বাংলাদেশ। আর এই পথচলায় নেতৃত্ব দিচ্ছেন এবাদত। আগের দিনের ৪ উইকেট নিয়ে পঞ্চম দিন শুরু করে দ্বিতীয় বলেই ৫ উইকেট পূরণ করেন এই পেসার। অভিজ্ঞ টেলরকে বোল্ড করে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের দেখা পান তিনি। যা ২০০৩ সালের পর প্রথম বাংলাদেশি পেসার হিসেবে এই অর্জনের খাতায় নাম তোলেন এবাদত। ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলতে নামা টেলর ১০৪ বলে ২ বাউন্ডারিতে করেন ৪০ রান।