আগের দিন শেষ বিকালে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে দিয়েছিলেন এবাদত হোসেন। আজ (বুধবার) মাউন্ট মঙ্গানুই টেস্টের শেষ দিনের শুরুতেও সেই পারফরম্যান্স ধরে রাখলেন ডানহাতি পেসার। দিনের শুরুতেই বোল্ড করে ফেরালেন অভিজ্ঞ রস টেলরকে। এখানেই থামলেন না। খানিক পর কাইল জেমিসনকে।
মাউন্ট মঙ্গানুই টেস্টের পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৯ উইকেটে ১৬১ রান। তাতে লিড পেয়েছে ৩১ রানের। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪৫৮ রান।
স্বপ্নের মতো এক টেস্ট কাটছে বাংলাদেশের। যে নিউজিল্যান্ডে কেবল হতাশার ছবি ফুটে উঠেছে, সেখানে স্বাগতিকদের ওপর প্রভাব বিস্তার করে খেলে যাচ্ছে বাংলাদেশ। আর এই পথচলায় নেতৃত্ব দিচ্ছেন এবাদত। আগের দিনের ৪ উইকেট নিয়ে পঞ্চম দিন শুরু করে দ্বিতীয় বলেই ৫ উইকেট পূরণ করেন এই পেসার। অভিজ্ঞ টেলরকে বোল্ড করে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের দেখা পান তিনি। যা ২০০৩ সালের পর প্রথম বাংলাদেশি পেসার হিসেবে এই অর্জনের খাতায় নাম তোলেন এবাদত। ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলতে নামা টেলর ১০৪ বলে ২ বাউন্ডারিতে করেন ৪০ রান।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে এবাদতের ম্যাজিক শেষ হচ্ছিল না। আবারও বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দেন তিনি। এবার তার শিকার জেমিসন। মিড উইকেটে শরিফুল ইসলামের হাতে দুর্দান্ত ক্যাচ হয়ে ফেরার আগে রানের খাতা খুলতে পারেননি কিউই পেসার।