প্রধান নির্বাচক নান্নু করোনা পজিটিভ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে সুস্থ আছেন সাবেক এই ক্রিকেটার। দুদিন পর ফের টেস্ট করানো হবে তার। 

মিনহাজুল আবেদীন নান্নু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সুস্থই আছি, কোনও উপসর্গ নেই। হালকা জ্বর আছে’।

মঙ্গলবার বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটুও কোভিড পজিটিভ হন। তিনিও সুস্থ আছেন। শারীরিক কোনও সমস্যা নেই।

২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে যাচ্ছেন নান্নু। এর আগে ২০১১ সাল থেকে ছিলেন নির্বাচক প্যানেলে। গত বছরের ৩১ ডিসেম্বর জাতীয় নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে। চুক্তির মেয়াদ কিংবা নতুন কাউকে নিয়োগ না দেওয়ায় আগের প্যানেলই এখনও কাজ করে যাচ্ছে। বুধবার গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে তিনি নির্বাচকের দায়িত্ব কন্টিনিউ করার ইচ্ছা পোষণ করেছেন।