খাজার দুই শতকের পর অস্ট্রেলিয়ার দরকার ১০ উইকেট

প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছিলেন বড় সংগ্রহ। দ্বিতীয় ইনিংসে দলের বিপদের সময় আবারও দাঁড়িয়ে গেলেন উসমান খাজা। দ্বিতীয়বার শতক পূর্ণ করে অ্যাশেজের সিডনি টেস্টে ইংল্যান্ডকে বেঁধে দিয়েছেন কঠিন টার্গেট। তার অপরাজিত ১০১ রানে ভর করে ৬ উইকেটে ২৬৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। তাতে ৩৮৮ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে কোনও উইকেট না হারিয়ে ৩০ রান করেছে ইংল্যান্ড।

আজ (শনিবার) অ্যাশেজের চতুর্থ টেস্টের চতুর্থ দিন শেষে উইকেট না হারালেও শেষ দিনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ইংল্যান্ডের জন্য। করতে হবে আরও ৩৫৮ রান। সিডনি টেস্ট জিততে রেকর্ড গড়তে হবে তাদের। সামনে জয়ের সম্ভাবনা উঁকি দিলেও পঞ্চম দিনের পিচে ব্যাট করা মোটেও সহজ কাজ হবে না। সেই হিসাবে জয়ের পাল্লা কিছুটা হলেও অস্ট্রেলিয়ার দিকে হেলে। প্যাট কামিন্সদের চাই ১০ উইকেট। সব মিলিয়ে রোমাঞ্চকর শেষ দিনের অপেক্ষায় সিডনি টেস্ট।

বেয়ারস্টোর সেঞ্চুরিতে ২৯৪ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ১০৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বেয়ারস্টো আর ১০ রান যোগ করে ১১৩ রানে ফিরে যান প্যাভিলিয়নে। তার আগে ১০ রানে ফেরেন জ্যাক লেচ। স্টুয়ার্ট ব্রড করেন ১৫ রান। আর জেমস অ্যান্ডারসন অপরাজিত থাকেন ৪ রানে।

আগের টেস্টের মতো সিডনিতেও জ্বলে উঠেছিলেন স্কট ‍বোল্যান্ড। ডানহাতি পেসার ১৪.১ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট শিকার কামিন্স ও নাথান লায়নের।

এরপর দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া বিপদে পড়ে যায় ৮৬ রানে টপ অর্ডারের চার ব্যাটার- ডেভিড ওয়ার্নার (৩), মার্কাস হ্যারিস (২৭), মার্নাস লাবুশেন (২৯) ও স্টিভেন স্মিথকে (২৩) হারিয়ে। ওই জায়গা থেকে প্রতিরোধ শুরু খাজা ও ক্যামেরন গ্রিনের। পঞ্চম উইকেটে তারা গড়েন ১৭৯ রানের জুটি। চমৎকার ব্যাটিংয়ে গ্রিন ৭৪ রানে আউট হলেও সিডনি টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন খাজা। প্রথম ইনিংসে ১৩৭ রান করা বাঁহাতি ব্যাটার অপরাজিত থাকেন ১০১ রানে। টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পেয়ে ১৩৮ বলের ইনিংসটি সাজান ১০ বাউন্ডারি ও ২ ছক্কায়। তার শতকের পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার লেচ। ৮৪ রান দিয়ে তার শিকার ৪ উইকেট। ৬৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মার্ক উড।

শেষ বিকালে ৩৮৮ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে খেলতে নামা ইংল্যান্ড কোনও উইকেট হারায়নি। জ্যাক ক্রলি (২২*) ও হাসিব হামিদ (৮*) শুরু করবেন পঞ্চম দিনের খেলা।