ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। সবুজ গালিচায় খেলতে নেমে রানের বন্যা বইয়ে দিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনে নিউজিল্যান্ড কোথায় গিয়ে থামে, সেটিই এখন বড় প্রশ্ন। তবে কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে বর্তমান পরিস্থিতি এবং মুশফিকের ইনজুরি ড্রেসিং রুমে অস্বস্তি সৃষ্টি করেছে। তাই এই টেস্টে মুশফিকের ছিটকে যাওয়াকে বিরাট ক্ষতি মনে করছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন।
মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট জিতে ৬ জানুয়ারি ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ দল। পরের দিন বৃষ্টির কারণে অনুশীলন হয়নি। শনিবার দল অনুশীলন করলেও ব্যথার কারণে মুশফিক তাতে যোগ দেননি। পরে ম্যাচের দিন সকালে ফিটনেস পরীক্ষা দিলেও তাতে সফল হননি। শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই একাদশ ঘোষণা করতে হয়েছে। মূলত কুঁচকিতে টান লাগার কারণে ক্রাইস্টচার্চ টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ এই ব্যাটার। এমনিতেই ক্রাইস্টচার্চের কঠিন উইকেটে বাংলাদেশের ব্যাটারদের কঠিন সংগ্রাম করতে হয়। এমন উইকেটে অভিজ্ঞ মুশফিককে না পাওয়াকে এভাবেই দেখছেন ওটিস গিবসন, ‘ওর (মুশফিক) কুঁচকিতে টান লাগে গতকাল (শনিবার)। আমাদের জানায়, চোটের কারণে সে কিছুটা ভুগছে। আজকে মরিয়া ফিটনেস টেস্ট উতরে যেতে চেষ্টা করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে পারেনি। অবশ্যই আমাদের জন্য এটা বিশাল ক্ষতি, কারণ সে দুর্দান্ত খেলোয়াড়।’
শেষ মুহূর্তে মুশফিকের ছিটকে যাওয়াটা দলের মনোযোগে ব্যাঘাত ঘটিয়েছেন কিনা—এমন প্রশ্নের জবাবে গিবসন বলেছেন, ‘মনে হয় না আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটেছে। কিন্তু কোচ নিশ্চিত করেছেন সবাই যেন সজাগ থাকে এবং জানিয়ে রেখেছেন যে মুশি ফিট হতে পারলে সে খেলবে, না হলে অন্য কেউ খেলবে, কোথায় ব্যাট করবে। সেদিক থেকে যোগাযোগটা ছিল দারুণ।’