বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটের লিগের দ্বিতীয় ম্যাচে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল মুখোমুখি হয়েছিল বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে। আশরাফুল-তামিমদের নিয়ে গড়া পূর্বাঞ্চলকে সহজেই হারিয়েছে মোস্তাফিজের দক্ষিণাঞ্চল। আগে ব্যাটিং করা পূর্বাঞ্চলের দেওয়া ১৯৩ রান ৭ উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলে দক্ষিণাঞ্চল। বল হাতে দুই উইকেটের পর ব্যাট হাতে ২৭ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরষ্কার জেতেন নাহিদুল।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় পূর্বাঞ্চল। কিন্তু তামিম, ইমরুল, আশরাফুল, আফিফদের নিয়ে গড়া পূর্বাঞ্চল বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি। তিন মাস পর ব্যাটিং করতে নেমে তামিম ৯ রানেই বিদায় নেন। মোহাম্মদ আশরাফুল ৫৭ বলে খেলেন ১৫ রানের ইনিংস। আফিফ খেলেন ২৯ রানের ইনিংস।
সবমিলিয়ে ইমরুল ছাড়া তারকা ব্যাটাররা কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। ইমরুলের ৬৯ রানের ওপর ভর করেই পূর্বাঞ্চল ৮ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে। আশরাফুলের স্লো ব্যাটিংয়ের কারণেই পূর্বাঞ্চল দুইশ’ পেরুতে পারেনি। ইমরুল ৯৭ বলে ৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন। ইরফান খেলেন ৩৩ রানের ইনিংস।
১৯৩ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ২৫ রানে দুই ওপেনারকে হারায় দক্ষিণাঞ্চল। যদিও তাতে জয় পেতে কোনও সমস্যা হয়নি দলটির। শেষ পর্যন্ত ২৫ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণাঞ্চল। দলের কোনও ব্যাটারের কাছ থেকে বড় কোনও ইনিংস না এলেও সবার সম্মিলিত অবদানেই জয় পেয়েছে মোস্তাফিজদের দক্ষিণাঞ্চল। মেহেদী হাসান খেলেন সর্বোচ্চ ৩৩ রানের অপরাজিত ইনিংস। মাইশুকুর রহমান, নাহিদুল ইসলাম ও জাকির হাসান তিন জনের প্রত্যেকে ২৭ রান করে আউট হয়েছেন। হৃদয় ২৩ ও এনামুল ১৫ রান করেন।
পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে নাঈম হাসান ও আফিফ হোসেন ৩টি করে উইকেট নেন।