বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের নামকরণ করা হয়েছে ইন্ডিপেন্ডেন্স কাপ। এই টুর্নামেন্টে মাহমুদউল্লাহদের বিসিবি উত্তরাঞ্চালকে হারিয়ে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখলো সাকিবদের ওয়ালটন মধ্যাঞ্চল। আগে ব্যাটিং করে মধ্যাঞ্চল ২৬২ রান সংগ্রহ করে। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে উত্তরাঞ্চল ২৩৪ রানেই থেমে যায়। ফলে ২৮ রানে জয় পায় মধ্যাঞ্চল।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে টস হেরে আগে ব্যাটিং করতে নামে মধ্যাঞ্চল। দলীয় ২১ রানে ওপেনার মিজানুর ফিরে যাওয়ার পর সৌম্য সরকার-আব্দুল মজিদ মিলে ৭৭ রানের জুটি গড়েন। সৌম্য ৬০ বলে ৪০ রান করে আউট হলেও মজিদ ৯৬ বলে ৫৩ রান করেন। সৌম্য আউট হওয়ার পর ক্রিজে নামেন সাকিব। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ইনিংসটাকে টেনে নিতে পারেননি তিনি। ৩৬ বলে ৪ চারে ৩৩ রানের ইনিংস খেলে আউট হন বাঁহাতি এই ব্যাটার।
সাকিব আউট হওয়ার পর অধিনায়ক মোসাদ্দেক ও আল আমিন জুনিয়রের দারুণ ব্যাটিংয়ে আড়াইশো পেরিয়ে যায় মধ্যাঞ্চল। মোসাদ্দেক ৫৫ বলে ৫ চারে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। অন্যদিকে আল আমিন ৩২ বলে ৪ চারে ৪৩ রানের ইনিংস খেলেন। জাকির আলী অনিক ৮ বলে খেলেন ১৪ রানের ইনিংস। সবমিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে মধ্যাঞ্চল।
উত্তরাঞ্চলের বোলারদের মধ্যে শফিকুল ইসলাম সর্বোচ্চ দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন শামীম হোসেন, সানজামুল ইসলাম ও মাহমুদউল্লাহ।
২৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার তানজিদ তামিমকে হারিয়ে শুরুতেই হোঁচট খায় উত্তরাঞ্চল। দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ও নাঈম ইসলাম মিলে ৮৬ রানের জুটি গড়েন। পারভেজ ৬১ বলে ৩০ রান করে আউট হলে দ্রুত ফিরে যান মার্শাল আইয়্যুবও (১)। চতুর্থ উইকেটে নাঈম ও মাহমুদউল্লাহ মিলে ফের দলকে টেনে তোলার চেষ্টা করেন। ৬৭ রানের জুটির পর সৌম্যর বলে নাঈমও সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে ৯৯ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলেন। সঙ্গীকে হারিয়ে ফিরে যান মাহমুদউল্লাহও। ৫৯ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৩ রান করে মোসাদ্দেকের শিকার হন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। শামীমের ৩৯ বলে ২৯, আকবরের ৭ বলে ১২ এবং সানজামুলের ১১ বলে ১০ রানের উপর ভর করে ৯ উইকেট হারিয়ে ২৩৪ রান করতে পারে উত্তরাঞ্চল।
মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী ২১ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া মোসাদ্দেক হোসেন ও সৌম্য সরকার দুটি করে উইকেট নিয়েছেন।