ম্যাক্সওয়েলের ৬৪ বলে ১৫৪*, বিগ ব্যাশের রেকর্ডবুক ওলটপালট

গ্লেন ম্যাক্সওয়েলের ঝড় যদি ওঠে, রক্ষা নেই প্রতিপক্ষের বোলারদের। এই ব্যাটারের দিনে ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে প্রতিপক্ষের সব প্রতিরোধ। বিগ ব্যাশে হোবার্ট হারিকেনস যেমন টের পেলো ‍তার নিষ্ঠুরতার। মেলবোর্ন স্টারসের এই অধিনায়ক ব্যাট হাতে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষ হারিকেনসকে। ৬৪ বলে খেলেছেন হার না মানা ১৫৪ রানের বিধ্বংসী ইনিংস। তার টর্নেডো ইনিংসে ওলটপালট অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার রেকর্ডবুক।

২২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৪ বলে হার না মানা ১৫৪ রান- বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ইনিংস। একই সঙ্গে প্রতিযোগিতাটির সর্বোচ্চ রানের রেকর্ডও গড়া হয়ে গেছে। আগের সর্বোচ্চ ছিল ১৪৭*। ২০২০ সালে ম্যাক্সওয়েলের মেলবোর্ন স্টারস সতীর্থ মার্কাস স্টোইনিস খেলেছিলেন ইনিংসটি। ম্যাক্সওয়েল যখন তার রেকর্ডটি নিজের করে নেন, অন্য প্রান্তে ছিলেন স্টোইনিস। এই ব্যাটারও কম যাননি, ৩১ বলে ৪ বাউন্ডারি ও ৬ ছক্কায় খেলেছেন হার না মানা ৭৫ রানের ইনিংস।

শুধু ব্যক্তিগত নয়, দলীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও গড়েছে বিগ ব্যাশের ম্যাচটি। ম্যাক্সওয়েল-স্টোইনিস ঝড়ে মেলবোর্ন স্টারস নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে করে ২৭৩ রান। যা বিগ ব্যাশের আগের সর্বোচ্চ স্কোরের চেয়ে ৪১ রান বেশি। শুধু কি তাই! ফ্র্যাঞ্চাইজি কিংবা আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ রানের স্কোরের রেকর্ড এটি। শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আমলে নিলে মেলবোর্ন স্টারসের ২৭৩ রানের স্কোর সর্বোচ্চ। ওপরে থাকা বাকি দুটি এসেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে- আফগানিস্তান (২৭৮) ও চেক প্রজাতন্ত্র (২৭৮)।

রেকর্ডময় ম্যাচটি সহজেই জিতে নিয়েছে মেলবোর্ন স্টারস। তাদের রান পাহাড়ে চাপে পড়ে হোবার্ট হারিকেনস ৬ উইকেটে করতে পারে ১৬৭ রান। ফলে ১০৬ রানের বিশাল জয়ে রেকর্ডময় ম্যাচটি রাঙিয়ে নিয়েছেন ম্যাক্সওয়েল ও তার দল মেলবোর্ন স্টারস।