বিপিএলের স্পন্সর বিবিএস কেবলস-ওয়ালটন

শুক্রবার থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরের টাইটেল স্পন্সর বিবিএস ক্যাবলস, আর টুর্নামেন্টের পাওয়ার স্পন্সর হলো ওয়ালটন।

আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ সম্মেলনে ছিলেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক, বিসিবি পরিলচাক তানবীর ইসলাম টিটু, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, বিবিএস কেবলস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ও ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম। 

ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিবিএস কেবলস প্রতিযোগিতার টাইটেল স্পন্সর, ওয়ালটন পাওয়ার্ড বাই স্পন্সর। কোভিড পরিস্থিতি থাকার পরও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান যেভাবে এগিয়ে এসেছে, তাদের ধন্যবাদ দিতে চাই।’

বিবিএস কেবলস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বলেছেন, ‘আমরা সুযোগ পেয়েছি টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করার। বিবিএস কেবলস যখনই সুযোগ পায় ক্রিকেটে যুক্ত হওয়ার, তখনই যুক্ত হয়। আমরা ভবিষ্যতেও ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চাই।’  

ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেট হোক আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেখানেই ক্রিকেট আছে সেখানেই আছে ওয়ালটন গ্রুপ। ওয়ালটনের একটাই লক্ষ্য- বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন। সেজন্য আমরা চাই জাতীয় দলের পাইপলাইন আরও সমৃদ্ধ হোক। এজন্য ওয়ালটন সব ধরনের ক্রিকেটের সঙ্গে থাকার চেষ্টা করে।’

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট- তিন ভেন্যুতে হবে এবারের বিপিএল। ২৭ দিনে মোট ৩৪ ম্যাচ। শুক্রবার দুপুর দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবারের আসরের। রাতের ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলবে মিনিস্টার গ্রুপ ঢাকা ও খুলনা টাইগার্স।