বাংলাদেশের বিরিয়ানির প্রেমে মজেছেন ডু প্লেসি

বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগ দাপিয়ে বেড়ান ফাফ ডু প্লেসি। ৩৭ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে এসেছেন। বিভিন্ন দেশে খেলতে গিয়ে নানা ধরনের খাবারের স্বাদ পেয়েছেন তিনি। এবার বাংলাদেশে এসে বিরিয়ানির প্রেমে মজেছেন প্রোটিয়া ব্যাটার। আজ (শুক্রবার) মিরপুর একাডেমিতে সংবাদমাধ্যমকে সেই কথাই জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ডিনারে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার বিরিয়ানি খেয়েছেন। সেই স্বাদ তার মুখে লেগে আছে। দুপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এখন স্থানীয় খাবার খাওয়ার চেষ্টা করছি। গত রাতে বিরিয়ানি খেয়েছি, বেশ ভালো ছিল। এছাড়া পেয়ারা, মরিচ ও লেবু দিয়ে একটা খাবার দিয়েছিল, সেটাও খুব ভালো লেগেছে।’

বাংলাদেশে এসে অনেক বিদেশি ক্রিকেটার টুকটাক বাংলা শব্দ মুখস্ত করার চেষ্টা করেন। ডু প্লেসিস অবশ্য এখনও কিছু আয়ত্ব করতে পারেননি, ‘না, এখনও হয়নি।’

চেন্নাই সুপার কিংসের হয়ে গতবার আইপিএলের শিরোপা জিতেছেন ডু প্লেসি। আর এবার বিপিএল খেলতে এসেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। চেন্নাই ও কুমিল্লার মধ্যে কোনও মিল খুঁজে পাচ্ছেন কিনা, এমন প্রশ্নে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেছেন, ‘দেখুন, দুই দলের (সিএসকে-কুমিল্লা) মধ্যে সাদৃশ্য দেখেছি। যেমন দুই দলই চ্যাম্পিয়ন এবং নিজ নিজ টুর্নামেন্টে খুব ভালো করেছে, তাই আমার জন্য সিদ্ধান্ত নেওয়াটাও সহজ ছিল। আর দুই দলের মধ্যে অন্য সাদৃশ্য খোঁজাটা আমার জন্য এখনও নতুন। আমি মাত্রই এসেছি। এমনিতে দলটা খুব রিলাক্স।’

সঙ্গে যোগ করেছেন, ‘বিপিএল অভিজ্ঞতা অবশ্যই ভালো হবে। খেলোয়াড় হিসেবে সব কন্ডিশনেই আপনাকে খেলতে হবে এবং এতে করে আপনি আরও ভালো খেলোয়াড় হতে পারবেন। ব্যাটার হিসেবে এখানে অভিজ্ঞতা অর্জন করা সত্যিই পছন্দ করি।’

নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে ডু প্লেসিস বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি সবসময়ই সাফল্য চায়। আমার মতো বা সব ক্রিকেটাররাও এটাই চায়। আমার যে অভিজ্ঞতা আছে, অবশ্যই তা সবার সঙ্গে শেয়ার করবো। আর ব্যাটার বা নেতৃত্বের জায়গা থেকেও আমার যতটা সম্ভব দলের সঙ্গে শেয়ার করবো। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে, প্রতিযোগিতার মধ্যে থেকে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া।’