নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে গিয়েও সিরিজ খেলেনি নিউজিল্যান্ড দল। ফিরে গিয়েছিল দেশে। এরপর ইংল্যান্ডও বাতিল করেছিল সফর। তাই ঘনিয়ে আসা অস্ট্রেলিয়া সিরিজের ভাগ্যে কী অপেক্ষা করছে, তা নিয়ে ক্রিকেট বিশ্বের ছিল কৌতূহল। জশ হ্যাজেলউডের মন্তব্যে সিরিজটি নিয়ে শঙ্কারও জন্ম দিয়েছিল। এই পেসার জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বেশ কিছু খেলোয়াড় পাকিস্তান সফরে নাও যেতে পারেন। তবে আজ (শুক্রবার) সব শঙ্কা উড়ে গেছে। ২৪ বছর পর আগামী মার্চে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া দল।
১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে অজিরা। এবারের সফরে তিন টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা। রাওয়ালপিন্ডি, করাচি ও লাহোরে হবে সিরিজের ম্যাচগুলো। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিশ্চিত করেছে, তাদের দল পাকিস্তান সফরে যাচ্ছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘আমি পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) এবং পাকিস্তান ও অস্ট্রেলিয়ান সরকারকে ধন্যবাদ দিতে চাই ২৪ বছর পর প্রথমবার হতে যাওয়া এই সফর নিশ্চিতের জন্য। এটা একটা ঐতিহাসিক উপলক্ষ এবং খেলাটির বিশ্বব্যাপী বৃদ্ধি ও বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বমানের দুটো দলের মধ্যে আমরা উত্তেজনাপূর্ণ সিরিজ উপভোগ করতে যাচ্ছি।’
এর আগে বৃহস্পতিবার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করেছিলেন, দলের বেশিরভাগ খেলোয়াড় পাকিস্তান সফরে যেতে আগ্রহী। তিনি বলেছেন, ‘আমার মনে হয় আমরা পূর্ণ শক্তির স্কোয়াড পাচ্ছি। এখনও কিছুটা কাজ বাকি আছে যদিও।’
এ সপ্তাহের শুরুতেই অস্ট্রেলিয়ার দল ঘোষণার কথা। ২০১৯ সালের অ্যাশেজের পর পাকিস্তান দিয়েই প্রথম সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া দল।
টেস্ট দিয়ে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার লড়াই। রাওয়ালপিন্ডিতে ৪ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। ১২ মার্চ দ্বিতীয় টেস্ট করাচিতে। এরপর ২১ মার্চ লাহোর টেস্ট দিয়ে শেষ হবে লাল বলের লড়াই। তিন টেস্ট তিন ভেন্যুতে হলেও সীমিত ওভারের সিরিজ হবে শুধু রাওয়ালপিন্ডিতে। ২৯ মার্চ, ৩১ মার্চ ও ২ এপ্রিল হবে ওয়ানডেতে। আর ৫ এপ্রিল টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফর।
সূচি:
৪-৮ মার্চ: প্রথম টেস্ট, রাওয়ালপিন্ডি
১২-১৬ মার্চ: দ্বিতীয় টেস্ট, করাচি
২১-২৫ মার্চ: তৃতীয় টেস্ট, লাহোর
২৯ মার্চ: প্রথম ওয়ানডে, রাওয়ালপিন্ডি
৩১ মার্চ: দ্বিতীয় ওয়ানডে, রাওয়ালপিন্ডি
২ এপ্রিল: তৃতীয় ওয়ানডে, রাওয়ালপিন্ডি
৫ এপ্রিল: একমাত্র টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি