বৃষ্টির কারণে ড্রেসিংরুমে অলস সময় কাটাচ্ছিলেন বিপিএল সংশ্লিষ্ট সবাই। পরে বৃষ্টির প্রকোপ কমলে মাঠকর্মীরা মাঠ খেলার জন্য উপযুক্ত করার চেষ্টা করতে থাকেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার গ্রুপ ঢাকার ক্রিকেটাররা ওই মুহূর্তেই ড্রেসিংরুম থেকে বেরিয়ে মাঠে অবস্থান নিতে থাকেন। ঠিক তখনই দেখা গেলো ড্রেসিংরুমের সামনে ধূমপানরত অবস্থায় ঢাকার বিদেশি ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। ক্রিকেট মাঠে যে দৃশ্য কখনও দেখা যায় না, সেটি করে বিতর্কের জন্ম দিয়েছেন আফগান ক্রিকেটার।
ক্রিকেটাররা সর্বসাধারণের কাছে অনুকরণীয়ই হয়ে থাকেন। ফলে তারা যখন মাঠে ধূমপানের মতো কাণ্ড করেন, সেটি নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক। কিন্তু কাণ্ডজ্ঞান ভুলে শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকার আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ মাঠেই ধূমপান করেছেন। ব্যাপারটি শুরুতে মিনিস্টার গ্রুপ ঢাকার মিডিয়া ম্যানেজারের দৃষ্টিগোচর হয়। তিনি এগিয়ে গিয়ে শাহজাদকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করেছেন। কিন্তু শাহজাদ তাতে কর্ণপাত করেননি, ধূমপান কন্টিনিউ করতে থাকেন। পরে শাহজাদকে ধূমপান থেকে থামাতে এগিয়ে যান মিনিস্টার গ্রুপ ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল ও ওপেনার তামিম ইকবাল। দুজন মিলে বুঝিয়ে শাহজাদকে ধূমপান করা থেকে বিরত রাখেন। তখন আফগান ব্যাটারকে এক প্রকার টেনে ড্রেসিং রুমে নিয়ে যান তারা। তখন শাহজাদ যে বিরক্ত হচ্ছিলেন, তা তার চেহারায় স্পষ্ট ফুটে উঠে।
অথচ খেলা চলাকালীন মাঠে ধূমপান করা ক্রিকেটীয় আইনের পরিপন্থী। এ প্রসঙ্গে বিপিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান বলেছেন, ‘এটা কোড অব কন্টাক্টের বাইরে। খেলার মাঠে ধূমাপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটা কোনওভাবেই গ্রহণযোগ্য না। সে যদি এ বিষয়ে জেনে না থাকে ম্যাচ অফিসিয়ালদের উচিত তাকে সতর্ক করা। যাতে ভবিষ্যতে কেউ এমন না করে, সতর্ক থাকে।’
দিনের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করার পর দ্বিতীয় ম্যাচেও একই অবস্থা। বৃষ্টিতে বাতিল হওয়ার আশঙ্কায় এই ম্যাচটি।