রবিবার ছিল ভারতীয় ক্রিকেটের জন্য ঐতিহাসিক মাইলফলকের দিন। প্রথম দল হিসেবে আজকেই হাজারতম ওয়ানডে খেলতে নেমেছে রোহিত শর্মারা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক দিনটিতে নেমে এসেছে শোকের কালো ছায়া। ৯২ বছরে না ফেরার দেশে চলে গেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর।
শুধু ক্রিকেটাঙ্গনই নয়, শোকে স্তব্ধ পুরো ভারত। কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে কালো বাহুবন্ধনী পরে মাঠে নেমেছে স্বাগতিক দল। রবিবার প্রথম ওয়ানডেতে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে। খেলা শুরুর আগে পালন করেছে এক মিনিটের নীরবতাও।
ভারতীয় ক্রিকেট বোর্ডের টুইটার একটি ছবি পোস্ট করে জানিয়েছে, ‘ভারত রত্ন লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাতে কালো বাহুবন্ধনী পরে মাঠে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। যিনি আজ সকালে স্বর্গবাসী হয়েছেন। কুইন অব মেলডি, লতা দিদি ক্রিকেট ভালোবাসতেন। খেলাটির প্রতি সবসময় সমর্থন দেখিয়েছেন, পাশে ছিলেন টিম ইন্ডিয়ারও।’
এছাড়া ম্যাচের ভেন্যু আহমেদাবাদের মাঠে ভারতের পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। রাজ্য সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোনও ধরনের উদযাপন করবে না তারা।