প্রিমিয়ার লিগের মাঠ নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

বাংলাদেশ দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরার প্রিমিয়ার ফুটবল লিগে পাখির চোখ। খেলা দেখতে ছুটে চলেছেন টঙ্গী থেকে মুন্সীগঞ্জ। এরই মধ্যে কয়েকটি ম্যাচ দেখার সুযোগ হয়েছে ৩৭ বছর বয়সী কোচের। লিগের দুই ভেন্যুর পাশাপাশি খেলোয়াড়দের পারফরম্যান্সও মূল্যায়ন করছেন স্প্যানিশ কোচ।

করোনাভাইরাসের প্রভাব ও মাঠ সংস্কার নির্ধারিত সময়ে না হওয়ায় ৭ ভেন্যু থেকে কমিয়ে বর্তমানে দুই মাঠে হচ্ছে প্রিমিয়ার লিগের খেলা। তবে লিগের খেলা আরও ভালো মানের মাঠে হলে ভালো হতো বলে কাবরেরার অভিমত।

মুন্সীগঞ্জের মাঠে খেলা দেখতে গিয়ে কাবরেরা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অবশ্যই এই ভেন্যুগুলোর মাঠ আরও ভালো মানের হওয়া উচিত। তবে এটাও ঠিক, অনেক ম্যাচ এই দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। যে কারণে এরকম মাঠে আকর্ষণীয় ফুটবল খেলা কঠিন।’

স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে কাবরেরা খুশি। স্প্যানিশ কোচ বলেছেন, ‘খেলোয়াড়দের মধ্যে যা দেখতে পেয়েছি, তাতে আমি খুশি। আমাদের অনেক ভালো ফুটবলার আছে, যারা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলতে পারে। আসলে আমাদের এগোতে হবে ধাপে ধাপে।’

আগামী মার্চে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। এরই মধ্যে পাঁচ দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। কাবরেরা প্রথম মিশন নিয়ে বলেছেন, ‘সামনের ফিফা উইন্ডোকে লক্ষ্য ঠিক করেছি। মার্চের ম্যাচগুলোর জন্য একটা ভালো সময় চাইবো ট্রেনিং ক্যাম্পের জন্য। সেটি হতে পারে এক সপ্তাহের। আমাকে আসলে দলগুলোর মানসিকতা সম্পর্কে ধারণা নিয়েই এগোতে হবে।’