বুধবার বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে যারা জিতবে ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে এগিয়ে থাকবে। বাংলাদেশের অধিনায়ক মিরাজের ভাবনাও তেমনই। একটি একটি করে ম্যাচ নিয়ে ভাবতে চান মিরাজ।
মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘এতদিন ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি। সবাই খুব রোমাঞ্চিত। এতদিন ধরে আমরা কষ্ট করে আসছি, সেটার পরীক্ষা কালকে শুরু। আমরা কালকে (বুধবার) ভালো করতে পারলেই কষ্ট স্বার্থক হবে সবার।’
বাইরের কোনও চাপ নিতে রাজী নন মিরাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আমরা বাইরের কোনও কথায় কান দিচ্ছি না। দেশের মাটিতে বিশ্বকাপ, সবাই চায় আমরা ভালো করি। আমাদের পারফরম্যান্সও বলে দিচ্ছে যে আমরা ভালো করছি। সবার আশা থাকবেই। তবে এটাকে চাপ ভাবলে চলবে না। বরং উৎসাহ ধরে নিয়ে খেলতে হবে। সেই আত্মবিশ্বাস আমাদের আছে।’
আগের বছরগুলোর আক্ষেপ দূর করতে বদ্ধপরিকর মিরাজ। তিনি বলেন, ‘আসলে অনূর্ধ্ব-১৯ কখনও ভালো করতে পারেনি সেভাবে। এবার আমরা এমন একটা কিছু করি, যেন সবাই অনেকদিন পরও বলে ওই অনূর্ধ্ব-১৯ দলটি ভালো ছিল।ওরা বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে গেছে। এটাই থাকবে আমাদের লক্ষ্য।’
দক্ষিণ আফ্রিকার সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে বাংলাদেশ ১৪টি ম্যাচ খেলছে। যার ১১টি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। এমন পরিস্থিতির পর নিজেদের এগিয়ে রাখবেন কিনা এমন প্রশ্নে মিরাজ বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকা সম্পর্কে জানি। কিন্তু ক্রিকেটে আগের কোনও পরিসংখ্যানের দাম নেই। নির্দিষ্ট দিনে যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি বলে হালকা করে নেওয়ার কিছু নেই। একটু রিল্যাক্স থাকলেও দুর্ঘটনা ঘটতে পারে।’
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টন জর্জি সংবাদ সম্মেলনে বলেন, ‘টুর্নামেন্টে লড়াই করতে আমরা প্রস্তুত। দল হিসেবে আমরা দাঁড়িয়ে গেছি। বাংলাদেশও আমাদের মতোই ভালো দল। তাদের দলে বেশ কয়েকজন মেধাবী ক্রিকেটার আছে। আমাদেরকে হারাতে হলে বাংলাদেশকে খুব ভালো ক্রিকেট খেলত হবে। এটা নিশ্চয়ই তারা ভালোই জানে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা এখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। এখানে আগেও খেলার কারণে দলের অনেকেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। স্পিন খেলা নিয়ে আমাদের কোনও ভয় নেই।’
/আরআই/এফআইআর/