বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে এলিমিনেটর রাউন্ডে তুলতে সবচেয়ে বড় ভূমিকা ছিল দলটির ইংলিশ ক্রিকেটার উইল জ্যাকসের। চারটি হাফসেঞ্চুরি করা জ্যাকস গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯২ রানের ইনিংস খেলেই চট্টগ্রামের প্লে-অফ নিশ্চিত করেছিলেন। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দুঃসংবাদ শুনেছে তারা। সোমবার প্রথম ম্যাচে তার সার্ভিস পাচ্ছে না চট্টগ্রাম। ফুড পয়জনিংয়ে অসুস্থ হয়ে হোটেলেই অবস্থান করছেন ইংলিশ এই ক্রিকেটার।
দলের ম্যানেজার ফাহিম মুনতাসির সুমিত বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মাঠে আসার আগ মুহূর্তে বমি করেছেন উইল জ্যাকস। তারপরও মাঠে এসেছিলেন। কিন্তু অসুস্থ বোধ করায় তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
দলটির ম্যানেজার বলেছেন, ‘টিম বাসে উঠার ঠিক আগে জ্যাকসের শরীর হুট করে খারাপ হয়ে যায়। বাস থেকে নেমে সে বমি করে। কিছুক্ষণ অপেক্ষার পর সে মাঠেও আসে। তবে শরীর খারাপ ছিল। চিকিৎসকরা বলছেন, তার ফুড পয়জনিং হয়েছে। এমনিতে প্রেশার বা শারীরিক আর কোনও সমস্যা নেই। তবে তাকে বিশ্রামে রাখতে বলা হয়েছে। এই ম্যাচে খেলতে পারবে না। আমরা তাকে হোটেলে পাঠিয়ে দিয়েছি।’
পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন জ্যাকস। ১০ ম্যাচে বিপিএলের দ্বিতীয় রান সংগ্রাহক তিনি। আজকের ম্যাচটি খেলতে পারলে সর্বোচ্চ সংগ্রাহক তামিমকে ছাড়িয়ে যেতে পারতেন। ৪ হাফসেঞ্চুরিতে জ্যাকসের সংগ্রহ ৩৯৮ রান।