ক্রিকেট মাঠে বিরল দৃশ্য, রান আউট করলেন না উইকেটকিপার

স্পিরিট অব ক্রিকেটের দারুণ উদাহরণ তৈরি করলেন নেপাল জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার আসিফ শেখ। তিনি যা করলেন, খেলায় মাঠে তা বিরল ঘটনা। সুযোগ থাকার পরও প্রতিপক্ষ ব্যাটারকে রান আউট করেননি এই উইকেটকিপার।

ওমানের আল আমেরাত ক্রিকেট মাঠে চার দেশের টি-টোয়েন্টি সিরিজে আজ (সোমবার) নেপাল মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ডের। এই ম্যাচে স্পিরিট অব ক্রিকেটের দৃষ্টান্ত রাখলেন নেপালের উইকেটকিপার আসিফ। সুযোগ থাকা স্বস্তেও আইরিশ ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রায়ানকে রান আউট করেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন নেপালি ক্রিকেটার।

ক্রিকেট মাঠে এমন মনোভাব দেখানোয় আসিফের প্রশংসায় মাতোয়ারা ক্রিকেট বিশ্ব। সে সময় ধারাভাষ্যকাররাও আসিফের প্রশংসা করেছেন। তার ‘নায়ক’ বনে যাওয়ার ম্যাচ অবশ্য নেপাল হেরে গেছে।

টস হেরে ব্যাট করতে নেমে ১৮ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১১৩ রান। ১৯তম ওভারের তৃতীয় বলে কমল সিংয়ের বলে বাউন্ডারি মারার চেষ্টা করেন মার্ক অ্যাডায়ার। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ করতে পারেননি। কিছুটা দূরে বল যেতেই রান নিতে দৌড় দেন অ্যাডায়ার ও ম্যাকব্রায়ান। বল ধরতে ছুটে যান বোলার। এ সময় নন-স্ট্রাইক থেকে দৌড়ানো ম্যাকব্রায়ানের সঙ্গে ধাক্কা লাগে কমলের। ধাক্কায় ম্যাকব্রায়ান পড়ে যান। উঠে আবার দৌড় শুরু করার আগেই কমল বল ছুড়ে পাঠান উইকেটকিপার আসিফের হাতে। নিশ্চিত রান আউট ভেবে একটু দৌড়েই থেমে যান ম্যাকব্রায়ান।

উইকেটকিপার আসিফের এমন ঘটনায় অবাক হয়ে যান আইরিশ ব্যাটার। তাকে রান আউট করার সহজ সুযোগ থাকার পরও বল স্টাম্পে লাগাননি আসিফ। মাটিতে বল আছাড় দেন ২১ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। বোলারের সঙ্গে ধাক্কা লাগার কারণে ব্যাটার রানটি সম্পূর্ণ করতে পারেননি, এই ভাবনা থেকে স্টাম্প ভাঙেননি আসিফ।