সাকিবের ক্রিকেট মস্তিষ্কই কুমিল্লার বড় প্রতিপক্ষ!

বরিশাল ফরচুনকে দারুণ নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। যার দুর্দান্ত নেতৃত্বেই একের পর এক ম্যাচ জিতে বরিশাল ফাইনালে উঠেছে। ব্যাটিং-বোলিংয়ে দারুণ পারফরম্যান্সের সঙ্গে রণকৌশল সাজানোতেও ছিলেন অনন্য। সে কারণে বিপিএলের ট্রফি জিততে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সবচেয়ে বড় প্রতিপক্ষ সাকিবের ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক।

দুইবার বিপিএলের ট্রফি জেতা কুমিল্লার জন্য সুযোগ তৃতীয় শিরোপা ঘরে তোলার। তবে শিরোপা জিততে হলে সাকিবের এই ক্রিকেট মস্তিষ্কের সামনেই তাদের লড়তে হবে। বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কুমিল্লার কোচ সালাউদ্দিন তাই বলেছেন, ‘আমার মনে হয়, বরিশালের যে শক্তি সেটা হচ্ছে সাকিব আল হাসান। তার মাথার সঙ্গেই আমাদের খেলতে হবে। সে খুবই ভালো অধিনায়কত্ব করছে। তার যতটুকু রসদ আছে, সেটার সে খুব ভালো কাজে লাগাচ্ছে।’

সাকিবের ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের বর্ণনা দিতে গিয়ে কুমিল্লার এই কোচ বলেছেন, ‘বিশেষ করে বোলিং বিভাগ নিয়ে সাকিব যেভাবে লড়াই করেছে। চারটা-পাঁচটা ম্যাচে খুব কম রান ডিফেন্ড করেছে। তাতেই বোঝা যায়, তারা পরিকল্পনা করে এগুচ্ছে। সে কারণে বললাম সাকিবের মাথার সঙ্গে আমাদের খেলতে হবে। ও অনেক সময় যে কৌশলগুলো করে, সেটা ব্যাটসম্যানরা বুঝতে পারে না। সেটা ওভারকাম করলে আমাদের জেতার সম্ভাবনা থাকবে।’

দুই দলের লড়াইয়ে এগিয়ে আছে বরিশাল। গ্রুপ পর্বের দুই ম্যাচের মধ্যে দুই দল একটি করে ম্যাচ জিতেছে ঠিকই। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে হারিয়েই বরিশাল ফাইনালে উঠেছে। তাই শিরোপা মঞ্চে বরিশালকে হারানোর লক্ষ্য কুমিল্লার, ‘খুব বেশি ভালো খেলিনি। হয়তো কয়েকটা ম্যাচ নিজেদের জন্যই হেরেছি। খুব খারাপ খেলেছিলাম। কিন্তু ফাইনালে আসতে পেরেছি এটা বড় বিষয়। চেষ্টা করবো যেন ফাইনালে ভালো খেলতে পারি।’

স্থানীয় কোচদের মধ্যে সবচেয়ে সফলতম কোচ খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ সালাউদ্দিন। ফাইনালে খেলা দুটি দলকে এই দুজনই কোচিং করাচ্ছেন। বিপিএলের আট আসরের মধ্যে এই দুই কোচ সবচেয়ে বেশি ফাইনাল খেলেছেন। শুক্রবারের ফাইনালে তাই সালাউদ্দিনের লড়াইটা সুজনের সঙ্গেও, ‘সুজন ভাই মনে হয় বেশিরভাগ ফাইনালে খেলেছে। নিশ্চয়ই তার ভেতর কিছু আছে। তাদের দলটা কিন্তু শুরুতে অতো ভাল হয়নি। তারা খুব ভালোভাবে ফিরেছে। সুজন ভাইয়ের ট্র্যাক রেকর্ডও ভালো। সুজন ভাইয়ের মাথার সঙ্গেও খেলতে হবে।’

কুমিল্লার অধিনায়কত্ব করা ইমরুলও আছেন আরেকটি মাইলফলকের সামনে। এর আগেও তার নেতৃত্বে কুমিল্লা শিরোপা জিতেছিল। আরও একবার জিতে গেলে মাশরাফি মর্তুজার পর (৪বার) বিপিএলের দ্বিতীয় সফলতম অধিনায়ক হয়ে যাবেন তিনি। সালাউদ্দিনের প্রত্যাশা, ‘ইমরুলও ভালো অধিনায়কত্ব করছে। ও যদি মাথা ঠাণ্ডা রাখে তাহলে আমাদের সুযোগ থাকবে।’