অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ে আরেকটি পরাজয় দেখলো শ্রীলঙ্কা। চতুর্থ টি-টোয়েন্টিতে ১১ বল হাতে রেখে তাদের ৬ উইকেটে হারিয়েছে অজিরা। তাতে ৫ ম্যাচের সিরিজ নিশ্চিত করা স্বাগতিকরা এগিয়ে গেলো ৪-০ ব্যবধানে।
মেলবোর্নে টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটা খারাপ ছিল না। পুরো সিরিজে টপ অর্ডারকে ধরে খেলেছেন পাথুম নিসাঙ্কা। এই ম্যাচেও ব্যতিক্রম ছিল না। তবে সমস্যা ছিল যোগ্য সঙ্গীর। ওপেনার দানুশকা গুনাথিলাকা কিছুক্ষণ সঙ্গ দিলেও ইনিংস বড় করতে পারেননি। ১৭ রানে ফিরেছেন। একটা পর্যায়ে অবশ্য কুশল মেন্ডিস ভালোই সঙ্গ দিয়েছেন নিসাঙ্কার। কিন্তু মেন্ডিস দুর্ভাগ্যজনক রান আউটে ফিরলে বেশি বড় হয়নি তাদের জুটি। ফেরার আগে মেন্ডিস ২১ বলে দুই ছক্কায় ২৭ রান করতে পেরেছেন।
নিসাঙ্কা তার পরও হাল ছাড়েননি। চারিথ আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করেছেন। কিন্তু চারিথ ১৯ বলে ২২ রানে ফেরার পরেই যেন দিশেহারা হয়ে পড়ে লঙ্কানদের ব্যাটিং। হঠাৎ ধসে ৮ উইকেটে লঙ্কানরা করতে পারে ১৩৯ রান। যেখানে ১৯ বলের মাঝে পড়েছে ৬ উইকেট! সর্বোচ্চ ৪৬ রান বলতে ওপেনার পাথুম নিসাঙ্কার। তার ৪০ বলের ইনিংসে ছিল ৪টি চার।
অস্ট্রেলিয়ার বোলরাদের মধ্যে ঝাই রিচার্ডসন ২০ রানে দুটি উইকেট নিয়েছেন। কেন রিচার্ডসনও ২টি নেন ৪৪ রানের বিনিময়ে। একটি করে উইকেট নিয়েছেন অ্যাশটন অ্যাগার ও অ্যাডাম জাম্পা।
জবাবে অস্ট্রেলিয়ার অবস্থাও করুণ হতে বসেছিল। ৪৯ রানে ফিরেছেন ৩ ব্যাটার! চাপে পড়ে যাওয়া পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেছেন মূলত জশ ইংলিস ও গ্লেন ম্যাক্সওয়েল।
ইংলিস ২০ বলে ঝড়ো ৪০ রানে ফিরলেও ততক্ষণে ভিত গড়ে দিয়েছেন জয়ের। মেরেছেন ৩টি চার ও ২ ছক্কা। বাকিটা পথ এগিয়ে নিয়েছেন ম্যাক্সওয়েল। ৩৯ বলে ৪৮ রানে অপরাজিত থেকেছেন তিনি। হয়েছেন ম্যাচসেরাও। ম্যাক্সওয়েলের ইনিংসে ছিল ৩টি চার। ৪ উইকেট হারোনো অস্ট্রেলিয়া জয় নিশ্চিত করেছে ১৮.১ ওভারে। লঙ্কানদের হয়ে ২২ রানে দুটি উইকেট নেন লাহিরু কুমারা।