ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ক্রিকেটারদের

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ - ভাষা সংগ্রামী ও স্বনামধন্য কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর লেখা এই বিখ্যাত গান আমাদের স্মরণ করিয়ে দেয় ২১ ফেব্রুয়ারির শোকবহ দিনের কথা। সোমবার মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এইদিনে মায়ের ভাষার সম্মান রক্ষা ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা তথা রক্তচক্ষু উপেক্ষা করে বুলেটের সামনে বুক চিতিয়ে প্রাণ দিয়েছেন সালাম-বরকত-রফিক-জব্বার-শফিউলরা।

জাতি আজ সেই অমর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে। ব্যতিক্রম নন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষা আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালরা। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। জৈব সুরক্ষা বলয়ে থাকায় ক্রিকেটাররা শহীদ মিনারে যেতে পারেননি। তবে সামাজিক মাধ্যমে বেশিরভাগ ক্রিকেটারই কৃতজ্ঞচিত্তে ভাষা শহীদদের স্মরণ করেছেন।

লিটন ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, ‘২১ শে ফেব্রুয়ারি যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন, সেই সকল ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিজের ফেসবুক পেজে ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, ‘মহান ২১ শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা।’

উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমও বাদ ছিলেন না। ফেসবুক পেজে লিখেছেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ একটি ছবিসহ সেখানে ক্যাপশন দিয়েছেন এভাবে, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

পেসার রুবেল হোসেন শহীদদের স্মরণে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের, যাদের কারণে আজ মায়ের ভাষায় কথা বলতে পারছি। সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি।’

ওয়ানডে বিশ্বকাপ খেলতে নারী ক্রিকেটাররা এখন নিউজিল্যান্ডে। সেখান থেকেই দলটির পেসার জাহানারা আলম পোস্ট দিয়ে লিখেছেন, ‘সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।বাংলা ভাষা আমার অহংকার।সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’