পাকিস্তানে খর্বশক্তির দল নিয়ে খেলবে অস্ট্রেলিয়া

পাকিস্তান সফর করতে আগেই টেস্ট দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এবার বেছে নিলো সীমিত ওভারের দল। সেখানে নেই বড় তারকাদের নাম! অর্থাৎ ওয়ানডে, টি-টোয়েন্টিতে খর্ব শক্তির দলটাই খেলবে পাকিস্তানে।

সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলকে। তাদের মধ্যে ম্যাক্সওয়েলের না খেলা প্রত্যাশিতই ছিল। যেহেতু তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তবে কামিন্স, ওয়ার্নার ও হ্যাজেলউড টেস্টে অংশ নেবেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া বিবৃতি অনুসারে দলটির নেতৃত্বে থাকছেন অ্যারন ফিঞ্চ।

এই সুযোগে ২০১৮ সালের পর ওয়ানডে খেলার সুযোগ পেতে পারেন ট্রাভিস হেড। টি-টোয়েন্টিতে দারুণ অভিষেকের পর ওয়ানডেতেও অভিষেকের অপেক্ষায় জশ ইংলিস। নিয়মিত উইকেটকিপার ম্যাথু ওয়েড নেই বলে টি-টোয়েন্টিতে উইকেটের পেছনে দেখা যেতে পারে তাকে।

তিন তারকা পেসারের অনুপস্থিতিতে আক্রমণে দেখা যাবে শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ ও নাথান এলিসকে।

এদিকে আইপিএলে দল পাওয়া কয়েকজন প্রথম সপ্তাহে ইন্ডিয়ান লিগটিতে অংশ নিতে পারবেন না। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতিতেই রয়েছে- সিরিজের সময় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা অন্য টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। তবে যারা শুধু টেস্ট সিরিজ খেলবেন। তারা টেস্টের পর পর দ্রুত ভারতে চলে যেতে পারবেন। সেখানে কোয়ারেন্টিন নিয়ম পালনের পর ৬ এপ্রিল থেকে আইপিএল খেলতে বিবেচিত হবেন।

তবে আরও যারা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে খেলবেন। তারা সফর ও কোয়ারেন্টিনজনিত বিষয় মিলিয়ে আরও এক সপ্তাহের মতো আইপিএল খেলা থেকে বঞ্চিত হবেন।        

৩ ওয়ানডে খেলা হবে ২৯ মার্চ, ৩১ মার্চ ও ২ এপ্রিল। একমাত্র টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল।

সীমিত ওভারের সিরিজে অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মার্কস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।