মাশরাফিকে নিয়ে কথা বলা অপছন্দ ডমিঙ্গোর!

গত বছর একটি সাক্ষাৎকারে মাশরাফি বিন মুর্তজা জানিয়েছিলেন, ‘রাসেল ডমিঙ্গো আমাকে কফির দাওয়াত দিয়েছিলেন। আমি সেটার অপেক্ষায় আছি।’ সাবেক অধিনায়ক অপেক্ষাতে থাকলেও বৃহস্পতিবার বর্তমান হেড কোচ যেমন মন্তব্য করেছেন। তাতে এটাই প্রতীয়মান হয় যে, মাশরাফিকে নিয়ে কথা বলা পছন্দ করেন না তিনি!

বাংলাদেশের ইতিহাসে সফলতম অধিনায়ক মাশরাফি। কিন্তু ২০১৯ বিশ্বকাপ শেষে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলার পর বাদ পড়ে গেছেন। এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভে গিয়ে মাশরাফি বলেছিলেন, তাকে কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়ে রেখেছেন হেড কোচ।

শুক্রবার বাংলাদেশ-আফগানিস্তানের দ্বিতীয় ওয়ানডেটি মাঠে গড়াবে। বৃহস্পতিবার চট্টগ্রামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উঠে আসে মাশরাফি প্রসঙ্গও। সাবেক অধিনায়ককে কফি খাওয়ানোর কথা উঠতেই কিছুটা বিরক্ত হয়ে ডমিঙ্গো জবাব দিয়েছেন এভাবে, ‘এখন স্কোয়াডে নেই, এমন খেলোয়াড়দের নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না। বাইরের মানুষ কী বলে, কী করে তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। আমার মনোযোগ আমার দল, পরিবার ও কাজে। এর বাইরে কোনও কিছুতে মনোযোগ নেই।’

তবে সংবাদ সম্মেলন শেষে মাশরাফিকে তার পক্ষ থেকে ‘হাই’ জানানোর কথাটাও বলে গেছেন প্রোটিয়া কোচ।