ওপেনিংয়ে নাঈম নাকি মুনিম, সিডন্সের চোখে কে জুতসই?

নাঈম শেখের ব্যাটিং টি-টোয়েন্টি সুলভ নয়, তবুও একবছর ধরে বাংলাদেশের জার্সিতে সীমিত ফরম্যাটের সব ম্যাচই ওপেনার হিসেবে খেলেছেন! একই পজিশনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা পেয়েছেন মুনিম শাহরিয়ার। এটি তার বঙ্গবন্ধু বিপিএল দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পুরস্কার। একজন ধীরগতির ব্যাটিংয়ে অভ্যস্ত, অন্যজন আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষকে ভড়কে দিতে পারদর্শী। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই দুই ব্যাটারের মধ্য থেকে একজনের সুযোগ মিলবে। ব্যাটিং কোচ জেমি সিডন্সের চোখে দুই জনের মধ্যে কে জুতসই ওপেনার?

কয়েক বছর ধরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সেরা ওপেনার হিসেবে খেলছিলেন নাঈম। দলে নিয়মিত থাকলেও তার খেলার ধরন নিয়ে প্রশ্ন উঠছে দীর্ঘদিন ধরে। তবুও লাল-সবুজ জার্সি গায়ে গত একবছরে সব টি-টোয়েন্টি ম্যাচই খেলেছেন তিনি। বিপিএলে নিজের পছন্দের পজিশনে খেলার সুযোগ না পেলেও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে আছেন তরুণ এই ওপেনার। তার জন্য চ্যালেঞ্জ হযে দাঁড়াতে পারেন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত ব্যাটিং করা মুনিম। ব্যাটিংয়ে আগ্রাসন, প্রতিপক্ষের বোলিং পরিকল্পনা ধসিয়ে দেওয়া, ঝুঁকি নিয়ে রান করা– সবকিছুরই প্রমাণ দিয়েছেন তিনি।

এদিকে পাকিস্তান সফরে বাদ পড়া লিটন দাস ফিরেছেন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। বলা যায়, নিশ্চিতভাবেই আবারও ওপেনিংয়ে ফিরছেন তিনি। তার সঙ্গী হবেন কে? নাঈম নাকি মুনিম? দুই জনের মধ্যে কে টি-টোয়েন্টিতে জুতসই ওপেনার? প্রথমবার তাদের কাছ থেকে দেখা জেমি সিডন্সের কাছে রাখা হয়েছিল এই প্রশ্ন।

যদিও বাংলাদেশের ব্যাটিং পরামর্শক এক সেশন অনুশীলন দেখে দুই ব্যাটারকে নিয়ে মন্তব্য করতে নারাজ, ‘আমি আজই প্রথম দুই জনকে সামনে থেকে দেখলাম। এখনও দুই জনের খেলার ধরন নিয়ে অবগত নই। আজ ও আগামীকাল এবং টি-টোয়েন্টি ম্যাচের আগে তাদের আবারও দেখবো। বিপিএলে দূর থেকে তাদের কিছুটা দেখেছি। খুব ভালোই মনে হলো। যদিও একজন প্রত্যাশিত সুযোগ পায়নি। এটা হতাশার। আশা করছি, সে দলকে বড় কিছু উপহার দেবে।’

বাংলাদেশ দলের অনুশীলন

শনিবার (২৬ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলন ছিল ওয়ানডে দলের। মূল দলের দুই ক্রিকেটার মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্ত ঘাম ঝরিয়েছেন। এছাড়া ছিলেন টি-টোয়েন্টি দলের চার ক্রিকেটার মুনিম শাহরিয়ার, শেখ মেহেদি হাসান, নাঈম শেখ ও শহিদুল ইসলাম। জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো অনুশীলনে নেমেছিলেন মুনিম। যদিও তার ব্যাটিং পাখির চোখে পরখ করলেও শিষ্যকে কিছুই বলেননি অস্ট্রেলিয়ান কোচ।

মুনিম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জাতীয় দলের হয়ে মাঠের অনুশীলনে নেমে দারুণ লাগছে। আমার জন্য এটা বিশেষ অনুভূতি। আজ ৪৫ মিনিটের মতো ব্যাটিং করেছি সেন্ট্রাল উইকেটে। কাল সকালে অনুশীলন আছে। আজ ব্যাটিং কোচের সঙ্গে কোনও কথা হয়নি। তবে তিনি আমার ব্যাটিং দেখেছেন।’

বাংলাদেশ দলের অনুশীলন

৫০ ওভারের ক্রিকেট বাংলাদেশের পারফরম্যান্স দুর্দান্ত হলেও কুড়ি ওভারের ক্রিকেটে একেবারে যাচ্ছেতাই বলা চলে। আগামী ২৮ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজ শেষ হবে। এরপরই বাংলাদেশ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের মুখোমুখি হবে।

জেমি সিডন্স মনে করেন, ‘আফগানিস্তান এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটের চেয়ে টি-টোয়েন্টিতে ভালো দল। আমরাও জানি, এটা তাদের পছন্দের ফরম্যাট। বিশ্বকাপের বাজে পারফরম্যান্স থেকে বেরিয়ে আসতে আমাদের প্রথম চার ওভারে স্মার্ট আগ্রাসন দেখাতে হবে। একইসঙ্গে আমাদের শেষটাও হওয়া চাই দারুণ। আফগানিস্তানকে হারাতে আমাদের অতি দ্রুত রান তোলার বিকল্প নেই।’