ইংলিশদের কাছে ওয়ার্মআপ ম্যাচে প্রাপ্তি শারমিনের ৮১

ইংল্যান্ডের বিপক্ষে এর আগে কখনোই দেখা হয়নি বাংলাদেশের মেয়েদের। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে বাংলাদেশ দুটি ওয়ার্মআপ ওয়ানডে খেলার সুযোগ পাবে। যার প্রথমটি ছিল ইংলিশদের বিপক্ষে। সোমবার তাদের বিপক্ষে হারলেও পারফরম্যান্স একেবারেই খারাপ ছিল না। ইংলিশদের দেওয়া ৩১১ রানের জবাবে বাংলাদেশ দল করতে পেরেছে ২০১ রান। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি শারমিন আক্তার সুপ্তার করা ৮১ রান।

নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে ৩১১ রানের লক্ষ্যে খেলতে নেমে মোর্শেদা খাতুন ১ রানে আউট হওয়ার পর শারমিন সুলতানা ও শারমিন আক্তার সুপ্তা মিলে জুটি বাঁধেন। শারমিন সুলতানা ৩৩ রানে আউট হলে দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি ভাঙে বাংলাদেশের। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও শারমিন আক্তার এক প্রান্ত আগলে ব্যাটিং করেছেন। দুর্ভাগ্য যে, ১৯ রানের জন্য এই ব্যাটার সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। বিদায় নেওয়ার আগে ১৩৭ বলে ৪ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন এই ব্যাটার।

এছাড়া রিতু মনি (১৯), সোবানা মোস্তারি (১৪), নিগার সুলতানা (১২) ও  রুমানা আহমেদ (১২) রান করলে বাংলাদেশের স্কোর গিয়ে থামে ৪৯.৪ ওভারে ২০১ রানে।   

এর আগে দুই ব্যাটার নাটালি সাইভারের সেঞ্চুরি ও লরেন উইনফিল্ডের হাফসেঞ্চুরিতে ৩১০ রান করে ইংল্যান্ড। নাটালি ১০১ বলে ৯ চারে ১০৮ রানের ইনিংস খেলেছেন। এছাড়া ওপেনার লরেন ৪৩ বলে ৯ চারে ৫৫ রান করেছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ৪৯ রানে তিনটি উইকেট নিয়েছেন। সুরাইয়া আজমিন ও রিতু মনি নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন রুমানা আহমেদ ও লতা মণ্ডল। বাংলাদেশের অভিজ্ঞ দুই বোলার সাফল্য পাননি। যদিও রুমানা ৪ ওভার বোলিং করেছেন। এছাড়া ফাহিমা খাতুন ৭ ওভার বোলিং করে ৪১ রান খরচায় উইকেট শূন্য ছিলেন। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটা সালমা খাতুনকে ইংলিশদের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছিল।