২ ঘণ্টা ছুটি নিয়ে শোরুম উদ্বোধনে সাকিব

খুব বেশি দিন হয়নি। এই তো বিপিএল ফাইনালের আগের দিন বায়ো বাবল ভেঙে বিজ্ঞাপনের শুটিংয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেই রেশ কাটতে না কাটতে আবারও ‘বাবল ভাঙলেন’ বাঁহাতি অলরাউন্ডার। আফগানিস্তান সিরিজ চলাকালীন এবার শোরুম উদ্বোধন করলেন তিনি।

টিম ম্যানেজমেন্ট থেকে দুই ঘণ্টা ছুটি নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টার উদ্বোধন করেছেন সাকিব। টিম ম্যানেজমেন্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই সূত্র জানিয়েছে, ‘সাকিব দুই ঘণ্টার জন্য ছুটি নিয়ে বের হয়েছে। নিয়ম অনুযায়ী কারও যদি প্রয়োজন থাকে, সে বের হতে পারবে। হোটলে চেক-ইনের আগে অ্যান্টিজেন টেস্ট করাতে হয়, সেটি করানো হয়েছে। নেগেটিভ আসার পরই সাকিব ঢুকেছে আবার।’

শোরুম উদ্বোধনের পর সংবাদমাধ্যমের সঙ্গে ক্রিকেট নিয়ে কোনও কথা বলতে রাজি হননি সাকিব। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘স্পোর্টস নিয়ে কোনও কথা হবে না।’ তারপরও প্রসঙ্গক্রমে এসে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলার বিষয়। উত্তর না দিয়ে হাসিমুখে বেরিয়ে যান বাঁহাতি অলরাউন্ডার।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ঢাকায় ফিরেছেন সাকিব। চট্টগ্রাম থেকে দলের সঙ্গেই এসেছেন। ঢাকায় নেমে ব্যক্তিগত গাড়িতে হোটেলে পৌঁছান। চেক-ইন করেই বেরিয়ে যান ব্যক্তিগত কাজে।