ওয়ানডে সিরিজ শুরুর আগেই আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের বাজে পারফরম্যান্সে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছিল নুরুল হাসান সোহানকে। তবে কোনও কিছু না করেই ফিরলেন এই উইকেটকিপার ব্যাটার। অনুশীলনে মুশফিকুর রহিম চোট পাওয়াতেই বাড়তি উইকেটকিপার হিসেবে ডাক পড়েছে সোহানের।
সর্বশেষ খেলা পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েন সোহান ও শামীম হোসেন। বুধবার রাতে সোহানকে অন্তর্ভুক্ত করে দল ঘোষণা করেছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে সোহানকে দলে নেওয়ার কারণ না জানানো হলেও মুশফিকের ইনজুরিতেই মূলত ডাকা হয়েছে এই উইকেটকিপার ব্যাটারকে।
মিরপুরে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান মুশফিক। স্ক্যানে কোনও সমস্যা ধরা না পড়লেও এখনও ব্যথা আছে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মুশফিকের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক মনজুর হোসেন বলেছেন, ‘হাতে ব্যথা পাওয়ার পর আমরা স্ক্যান করেছি। কোনও সমস্যা ধরা পড়েনি। তবে রাত পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন, ব্যথা কেমন থাকে সেটা দেখতে হবে। প্রথম ম্যাচ খেলানো না খেলানোর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।’
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম, নাঈম শেখ ও নুরুল হাসান সোহান।