টি-টোয়েন্টিতে চার আসর খেললেও ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগই হচ্ছিল না সালমা-নিগার সুলতানাদের। অবশেষে আজ শনিবার ভোর ৪টায় ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে একদিনের ম্যাচের সবচেয়ে বড় আসর বিশ্বকাপে অভিষেক হলো লাল-সবুজ জার্সিধারীদের। নিজেদের অভিষেক ম্যাচটি জয় দিয়ে রাঙানোর সুযোগ পেয়েছিল নিগার সুলতানার দল। কিন্তু দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিং ব্যর্থতায় সুবর্ণ সুযোগ ‘হেলায় হারালো’ লাল-সবুজ জার্সিধারীরা। চেনা দল দক্ষিণ আফ্রিকার কাছে ৩ বল হাতে রেখে ৩২ রানে হারলো বাংলাদেশ দল।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রান আটকে রাখে বাংলাদেশ। কিন্তু সহজ লক্ষ্য ছুঁতে পারেনি নিগাররা। প্রোটিয়াদের বোলিং তোপে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৭৫ রানে।
অথচ প্রোটিয়াদের বিপক্ষে ২০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুন শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার শারমিন সুলতানা ও শারমিন আক্তার মিলে তুলে ফেলেন ৬৯ রান। কিন্তু আয়াবঙ্গা খাকা পর পর দুই ওভারে টপ অর্ডার তিন ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। ওপেনার শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ৭৭ বলে ৩৪ রান। শারমিন সুলতানা খেলেন ৫০ বলে ২৭ রানের ইনিংস। সবমিলিয়ে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৫ রানে থামে বাংলাদেশ।
এরপর ফারজানা হকের (৮) দুর্ভাগ্যজনক রান আউটে বিপদ বাড়ে লাল-সবুজ জার্সিধারীদের। তারপরও অধিনায়ক নিগার এবং রিতু মনি মিলে ৫৩ রানের জুটি গড়েন, তাতে কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে তারা। অধিনায়ক নিগারের ব্যাট থেকে আসে ২৯ রান। রিতু মনি ২৭ ও রুমানা আহমেদ ২১ রান করেন।
প্রোটিয়া বোলারদের মধ্যে আয়াবঙ্গা খাকা চারটি এবং মাসবাতা খাস দুটি উইকেট নেন।
এর আগে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দল। অভিজ্ঞ পেসার জাহানারা আলম ও রিতু মনির পাশাপাশি তরুণ পেসার ফারিয়া ইসলামের দুত্যিময় বোলিংয়ে স্বাভাবিক খেলা খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এই তিন পেসার মিলে সাত উইকেট তুলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের মেরুদণ্ডটাই ভেঙে দেন।
প্রোটিয়া ব্যাটারদের মধ্য থেকে সর্বোচ্চ রান আসে মারিজান্নের ব্যাট থেকে। তিনি ৪৫ বলে সর্বোচ্চ ৪২ রান করেছেন। এছাড়া উলভার্ডাট ৫২ বলে খেলেন ৪১ রানের ইনিংস। এছাড়া চোলের ব্যাট থেকে আসে ৩৯ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তরুণ পেসার ফারিহা। ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। এ ছাড়া জাহানারা আলম ও রিতু মনি নেন দুটি করে উইকেট নিয়েছেন। সালমা খাতুন ও রুমানা নেন একটি করে উইকেট।